স্থলবন্দরে নাগরিক সুবিধা বাড়ানো প্রয়োজন: দোরাইস্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থলবন্দর দিয়ে পারাপারের সময় নাগরিকেরা অনেক অসুবিধায় পড়েন। এ জন্য দুই দেশের স্থলবন্দরের সক্ষমতা বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমদ ও নৌপরিবহনসচিব মো. মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর।

ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বন্দর দিয়ে বাণিজ্য ও যাত্রী পারাপারে দুই দেশেরই সমস্যা আছে। এটা হতাশার বিষয়। দুই দেশের স্থলবন্দরের মধ্যে যে খালি জায়গা আছে, সেখানে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে অসুস্থ মানুষকেও রোদ-বৃষ্টির মধ্যে কষ্ট করে হেঁটে বন্দর পার হতে হয়। এটার মানে হয় না। এসব নিয়মনীতি ও পদ্ধতি আরও সহজ করা প্রয়োজন। পাশাপাশি নাগরিকদের সুবিধা আরও বাড়ানো উচিত।

স্থলবন্দরে যাত্রীদের ভোগান্তি নিয়ে অনুষ্ঠানে কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি অনেক দেশের স্থলবন্দর দিয়ে যাতায়াত করেছি। সেখানে অনেক সহজে যাতায়াত করা যায়, কিন্তু আমাদের এখানে মানুষের কষ্ট হয়। বিশেষ করে মহিলা, শিশু ও অসুস্থ রোগীদের অনেক কষ্ট হয়।’

এ ছাড়া বন্দর দিয়ে পণ্য আমদানিতে ব্যবসায়ীরা সমস্যায় পড়েন বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, স্থলবন্দরগুলো দিয়ে পণ্য আমদানিতে অনেক সময় বিলম্ব হয়। এ কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। আর শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়েন ভোক্তারা।

এসব সমস্যা সমাধানে মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের যাত্রী ও ব্যবসায়ীদের কথা শোনার পরামর্শ দিয়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মন্ত্রণালয় বা স্থায়ী কমিটিতে যখন বসি, তখন আমরা কেবল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা করি। যাত্রীদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। আমি স্থলবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করব, যাত্রী ও ব্যবসায়ীরা কী আলোচনা করছেন, কী সমস্যায় পড়ছেন, তা আপনারা একটু শোনার চেষ্টা করবেন। সেসব বিষয় কর্তৃপক্ষকে জানাবেন। প্রয়োজনে আমাকে বেনামে চিঠি লিখে জানাবেন। তাহলে আমরা এ সমস্যাগুলো সমাধান করতে পারব। স্থলবন্দরে আমাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। স্থলবন্দর দিয়ে যাতায়াত যেন মানুষের জীবনে একটা সুখকর স্মৃতি হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাঁরা স্থলবন্দরগুলোয় কাজ করছেন, তাঁদের অনেক বেশি মানবিক হতে হবে। বন্দর দিয়ে মানুষ ও পণ্য যেন নিরাপদে পারাপার করতে পারে, তা নিশ্চিত করাই স্থলবন্দরের মূল কাজ।