স্থলবন্দরে পড়ে আছে কাঁচামাল
দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কাঁচামালের একটি বড় অংশই আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে। ইতিমধ্যে এসব কাঁচামালবাহী কয়েক শ ট্রাক বেনাপোলে এসে পৌঁছালেও ব্যবসায়ীরা তা খালাস করতে পারছেন না। কারণ, দেশে টানা চার দিনের হরতাল চলছে।বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, বেনাপোল স্থলবন্দরে গতকাল বুধবার দুপুর পর্যন্ত ৬৭০টি পণ্যবাহী ট্রাক খালাসের অপেক্ষায় ছিল। এর ৮০ শতাংশেরও বেশি ট্রাকে আছে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল; বিশেষ করে, সুতা ও ফেব্রিকস, বিভিন্ন রাসায়নিক এবং যন্ত্রপাতি।হরতালের কারণে আমদানিকারী প্রতিষ্ঠান এসব কাঁচামাল বন্দর থেকে খালাস করতে পারছে না। সে কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। পণ্য রপ্তানির চুক্তি বাতিলের আশঙ্কাও করছে অনেক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান।নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সমিতি বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘বন্দরে কাঁচামাল আটকে থাকায় আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ডায়িংগুলো আমাদের সময়মতো সুতা দিতে পারবে না। সুতা না পেলে আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারব না। এতে সময়মতো পণ্য জাহাজীকরণ করতে পারব না।’বেনাপোল বন্দর সূত্র জানায়, ২৩৯টি চালানের (কনসাইনমেন্ট) মাধ্যমে ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে ৬৭০টি ট্রাক এখন বন্দরে খালাসের অপেক্ষায় আছে। এর মধ্যে পচনশীল মাছ ও পান আছে ১৫ ট্রাক (প্রায় ৮৫ মেট্রিক টন)।শিল্পের কাঁচামালের মধ্যে সবচেয়ে বেশি খালাসের অপেক্ষায় আছে সুতা ও ফেব্রিকস। এটি তৈরি পোশাক খাতে ব্যবহূত হয়।রাসায়নিকের মধ্যে আছে বস্ত্র খাতে ব্যবহূত কস্টিক সোডা, রিডাকটিভ ডাইজ, সিনথেটিক অর্গানিক ডাইজ ও কালারিং মেটাবেট, সিরামিক ও স্যানিটারি পণ্য উৎপাদনে ব্যবহূত চায়না ক্লে, রি-রোলিং কারখানায় ব্যবহূত কুয়াজ পাউডার, প্রিন্টিং কালি, রং প্রস্তুতকারক কারখানায় ব্যবহূত পিগমেন্ট, মেডিকেল ও ওষুধ তৈরির প্রয়োজনীয় কিছু রাসায়নিক দ্রব্য প্রভৃতি।আমদানি হওয়া যন্ত্রপাতির মধ্যে বিভিন্ন ধরনের মূলধনি যন্ত্রপাতি রয়েছে। তবে খালাস না হওয়া পর্যন্ত এগুলো কোন শিল্পে ব্যবহারের জন্য আনা হয়েছে, তা বলতে পারেননি বন্দরটির কর্মকর্তারা।বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, যত ট্রাক পণ্য বন্দরে পড়ে আছে, তার ৮০ শতাংশ শিল্প আমদানি পণ্যের কাঁচামাল। রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল হিসেবে বন্ড (শুল্কমুক্ত) সুবিধার আওতায় এসব পণ্য আমদানি করা হয়েছে। তিনি বলেন, হরতালের কারণে আমদানিকারী প্রতিষ্ঠানগুলো বন্দর থেকে পণ্য ছাড় করাতে পারছে না।বাংলাদেশ পেইন্ট (রং) ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও অ্যাংকর পেইন্টস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, বেনাপোল বন্দর দিয়ে পিগমেন্টসহ বেশ কিছু পেইন্ট-সামগ্রী আমদানি হয়। হরতালে সেগুলো কারখানায় আসতে পারছে না। তিনি বলেন, ‘এক গ্যালন রং কিনলে তাতে এক লিটার থিনার দেওয়া হয়। এই থিনার তৈরি হয় মূলত চট্টগ্রামে। কয়েক দিন ধরে এসব থিনার ঢাকায় আনতে পারছি না।’রপ্তানি হওয়া চিংড়ি ও তৈরি পোশাকের মোড়ক ও পলিব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং বাংলাদেশ পলি প্রিন্টিং ইন্টারন্যাশনালের পরিচালক আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাঁচ দিন ধরে ছাপানোর কালি ও ডুপলেক্স বোর্ডবাহী ১৮টি ট্রাক বেনাপোল বন্দরে পড়ে আছে। হরতালের কারণে এ পণ্য কারখানায় নিতে পারছি না। ফলে উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রপ্তানিকারী প্রতিষ্ঠানকে সময়মতো প্যাকেট ও পলি ব্যাগ সরবরাহ করা যাচ্ছে না। তাই পণ্য সরবরাহের চুক্তি বাতিলের আশঙ্কায় আছি।’