স্থলবন্দরের অবকাঠামোর উন্নয়ন চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামো সমস্যায় পণ্য খালাসে বিলম্ব হয়। অনেক পণ্যই নষ্ট হয়ে যায়। সে কারণে কিছু বন্দর দিয়ে আগের চেয়ে বাণিজ্য কমে গেছে। আবার অনেক পণ্যই নির্দিষ্ট বন্দর ছাড়া আমদানি করা যায় না।
দেশের স্থলবন্দরগুলো সম্পর্কে এমন সব মন্তব্য করে ব্যবসায়ীরা শিগগিরই এসব অবকাঠামোর উন্নয়নের পরামর্শ দিয়েছেন। সুযোগ চেয়েছেন সব স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করার।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘বাণিজ্য সহজীকরণে স্থলবন্দর ও শুল্ক স্টেশন উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ব্যবসায়ীরা যেসব সমস্যা সমাধানের জন্য সুপারিশ করবেন তা আন্তমন্ত্রণালয় বৈঠক করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী নিজেও তুলে ধরেন নানা অবকাঠামো সমস্যার কথা। জানান, আখাউড়া স্থলবন্দরে গিয়ে তিনি দেখেছেন সেখানে ব্যাংকের কোনো শাখা নেই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিসটি খুবই জরাজীর্ণ। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এ বিষয়ে তিনি এনবিআরে চিঠি দিয়েছেন। এখনো উত্তর পাননি।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ উভয় দেশের বন্দরের অবকাঠামোগত সমস্যা রয়েছে। এগুলোর উন্নয়ন হওয়া প্রয়োজন। এ কাজ দুই দেশকে অভ্যন্তরীণভাবে করতে হবে। তবে যৌথভাবে উভয় দেশের শুল্কায়ন প্রক্রিয়া বন্দরে চালু করা গেলে অনেক সমস্যা সমাধান হবে।
আরেক অতিথি এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, স্থলবন্দরগুলোর শুল্ক স্টেশনের সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা হবে।
সেমিনারে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৮০ শতাংশ বাণিজ্য হয় বেনাপোল দিয়ে। এই বন্দরে চাপ বেশি থাকায় ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই সঠিক সেবা পান না এবং হয়রানির শিকার হন। অন্য বন্দর সঠিকভাবে ব্যবহার করা গেলে অনেক সমস্যার সমাধান হবে।
এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন বলেন, সীমান্তে অবৈধ পথে বাণিজ্য বেশি হচ্ছে। বন্দরের উন্নয়ন হলে তা কমে আসবে।
মুক্ত আলোচনায় সাতক্ষীরা চেম্বারের সভাপতি নাসিম ফারুক খান বলেন, ভোমরা পূর্ণাঙ্গ স্থলবন্দর হলেও সব পণ্য আমদানির অনুমতি নেই। অবকাঠামো সমস্যার কারণে এ বন্দর দিয়ে আমদানি কমেছে।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সভাপতি আজিজুর রহমান বলেন, আখাউড়া রপ্তানিমুখী বন্দর। কিন্তু পণ্য পরীক্ষার ব্যবস্থা নেই। ইপিবির শাখা অফিস নেই। তাই বন্দরে পণ্য ফেলে রেখে ঢাকা কিংবা কুমিল্লা থেকে সনদ এনে রপ্তানি করতে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, স্থলবন্দর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকার কথা। কিন্তু বন্দর খোলা হয় সকাল ১০টায় এবং বন্ধ হয় বিকেল চারটায়। এতে ব্যবসায়ীদের বিড়ম্বনায় পড়তে হয়।
সেমিনারে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা বলেন, এমনও বন্দর আছে যেখানে ব্যাংকের শাখা নেই। ফলে ঋণপত্র (এলসি) খোলার সময়ই ব্যবসায়ীদের শুল্ক পরিশোধ করতে হয়। কিন্তু কোনো কারণে এলসি বাতিল হলে ওই শুল্কের অর্থ আর ফেরত পাওয়া যায় না। আবার কিছু বন্দরে সার্ভারের সমস্যা আছে। এতে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগে। সকাল ১০টায় বন্দরে খাদ্যপণ্য এলেও খালাসের অনুমতি পাওয়া যায় রাত ১২টায়।
সেমিনারে অতিরিক্ত বাণিজ্যসচিব মনোজ কুমার রায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী ও পরিচালক আবুল কালাম, এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য দেন।