স্থলবন্দরের বাণিজ্যে এখন ভরসা শুক্রবার

স্থলপথে পণ্য আমদানি-রপ্তানিতে এখন বলতে গেলে শুক্রবারই ভরসা। টানা হরতাল ও অবরোধের কারণে সপ্তাহের অন্য কার্যদিবসে স্থলবন্দরগুলো খোলা থাকলেও আমদানি ও রপ্তানি কার্যক্রম হয় না বললেই চলে। বিশেষত ট্রাক না পাওয়ায় আমদানিকারকেরা স্থলবন্দর থেকে পণ্য খালাস করে নিতে পারেন না।
শুধু বেনাপোল স্থলবন্দর বাদে দুই সপ্তাহ ধরে দেশের অন্য সব স্থলবন্দরে আমদানি-রপ্তানি পণ্যের খালাস কার্যত বন্ধই রয়েছে। ফলে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে স্থলবাণিজ্য প্রায় থমকে গেছে। অন্যদিকে বেনাপোল স্থলবন্দরে পণ্যজটের কারণে ইয়ার্ড ও শেডগুলোয় স্থান সংকুলান হচ্ছে না।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, স্থলবন্দরগুলো প্রতিদিনই খোলা আছে। কিন্তু আমদানিকারকেরাই পণ্য খালাস করছেন না। নিরাপত্তার কারণে স্থলবন্দগুলো থেকে পণ্য আনা-নেওয়ার জন্য ট্রাক চালাতে সাহস পাচ্ছেন না মালিকেরা। তবে শুক্রবার চাপ অনেক বেড়ে যাওয়ায় বাড়তি লোকবল দিয়ে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ছয় দিনের টানা অবরোধের পর গত শুক্রবার দেশের অন্যতম প্রধান বেনাপোল স্থলবন্দর থেকে ৫৫৭টি পণ্যবাহী ট্রাক ছেড়ে গেছে। তবে ট্রাক-সংকটে আর অতিরিক্ত ভাড়ার চাপে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকেরা। অন্যদিকে শুক্রবার ব্যাংক বন্ধ থাকার কারণে পণ্যের শুল্কায়ন হয়নি। যে কারণে ব্যবসায়ীরা নতুন চালানের পণ্যের ছাড় নিতে পারেননি বলে জানা গেছে। অবশ্য গতকাল বিজয় দিবসের ছুটি থাকার পরও যেসব পণ্যের শুল্কায়ন করা ছিল, সেগুলো ছাড় করানোর ব্যবস্থা ছিল বেনাপোলে।
স্থলবন্দর সূত্র জানায়, বন্দরের ৪২টি শেড ও কয়েকটি ইয়ার্ডে চাল, ডাল, সুতা, মোটরসাইকেল, ট্রাক্টর ও খুচরা যন্ত্রাংশ বোঝাই হয়ে আছে।
বেনাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট পরাগ শিপিং লাইন্সের স্বত্বাধিকারী শরিফুজ্জামান পরাগ প্রথম আলোকে বলেন, ইয়ার্ডে জায়গা-সংকটের কারণে পাঁচ দিন আগে বন্দরে ঢোকা ৯০ টন ভুট্টার ভারতীয় পাঁচটি ট্রাক দাঁড়িয়ে ছিল। যে কারণে প্রতিদিন এক হাজার ৭০০ টাকা হারে সাড়ে আট হাজার টাকা অতিরিক্ত গুনতে হয়েছে প্রতি ট্রাকে।
সিঅ্যান্ডএফ শরিফুজ্জামান পরাগ বলেন, বেনাপোল থেকে খুলনা পর্যন্ত পণ্য নিতে ১০ হাজার টাকা ট্রাকভাড়া দিতে হচ্ছে। অন্য সময়ে ভাড়া থাকে পাঁচ হাজার। সংকটে ট্রাকমালিকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরাসহ সাতটি রাজ্যে প্রতিদিন বাংলাদেশি প্রায় অর্ধশত ধরনের পণ্য রপ্তানি হয়। এটিই বাংলাদেশের একমাত্র রপ্তানিনির্ভর স্থলবন্দর। কিন্তু বাংলাদেশে টানা অবরোধ ও ত্রিপুরার ব্যবসায়ীদের বনেধর কারণে এ বন্দর দিয়ে রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে।
স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এ বন্দরে ১০০ থেকে ১৫০টি ট্রাক পণ্য রপ্তানি হয়। কিন্তু অবরোধের কারণে গত কয়েক দিনে রপ্তানি হয়নি বললেই চলে। এ সময় দিনে দু-একটি ট্রাক ঝুঁকি নিয়ে পণ্য এনেছে এই বন্দরে। তবে গত শুক্রবার অবরোধ না থাকায় বন্দর ইয়ার্ডে ১২টি পণ্যবাহী ট্রাক এসেছে।
রাজনৈতিক কর্মসূচির কারণে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি আশঙ্কাজনকভাবে কমেছে। ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে না। এটি আমদানিনির্ভর স্থলবন্দর। মূলত ভারত থেকে পাথর ও কয়লা আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন ৫০০-৬০০টি গাড়ি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলেও কয়েক দিন ধরে ১০০-১৫০টি গাড়ি বাংলাদেশে ঢুকছে। তবে শুক্রবার পর্যন্ত পণ্য খালাস করে তা দেশের অন্য অঞ্চলে নিয়ে যেতে পারেননি আমদানিকারকেরা।
তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি গোলাম নবী জানান, হরতাল-অবরোধের কারণে তামাবিল শুল্কবন্দরে স্মরণকালের ধস নেমেছে। কিন্তু পণ্য কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে না পারায় বন্দরেই স্তূপ করে রাখতে হচ্ছে।
তামাবিল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভারত থেকে যেখানে প্রতিদিন কোটি টাকার আমদানি হতো, সেখানে তা গত দুই মাসে কয়েক লাখে এসে নেমেছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মনিরুল ইসলাম (যশোর), দুলাল ঘোষ (আখাউড়া) ও সঞ্চয় সঞ্জু (গোয়াইনঘাট)]