স্থানীয় শিল্প সুরক্ষার পরিধি বাড়ল গুচ্ছ মূসক কিছুটা শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে শুরু হওয়া ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে স্থানীয় শিল্প সুরক্ষার পরিধি কিছুটা বাড়ানো হয়েছে। গুচ্ছ মূল্য সংযোজন করের (মূসক) সীমাও শিথিল করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর প্রস্তাবিত বাজেটে এ রকম সামান্য কিছু সংশোধন এনেছেন, যা গত শনিবার অর্থবিলে অন্তর্ভুক্ত হয়ে জাতীয় সংসদে পাস করা হয়েছে।
এতে ১০ শতাংশ জরিমানা দিয়ে কালোটাকায় জমি কেনার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। তবে শিল্প-বাণিজ্যসহ অন্য বিনিয়োগ খাতে ১০ শতাংশ হারে কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এভাবে বিনিয়োগ করলে কর বিভাগ কোনো প্রশ্ন করবে না।
অর্থমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘যদি কোনো কারণে কোনো করদাতা অতীতে তাঁর আয় কম প্রদর্শন করে থাকেন বা কোনো কারণে প্রাপ্ত অর্থসম্পদ বিবরণী প্রদর্শন না করতে পারেন, সে ক্ষেত্রে তিনি তাঁর সেই আয় বিদ্যমান আইন অনুযায়ী স্বেচ্ছামূলকভাবে প্রদর্শন করতে পারেন। এ জন্য শুধু প্রদেয় করের ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিতে হয়। এভাবে জরিমানাসহ কর দিয়ে একজন করদাতা তাঁর অপ্রদর্শিত আয় প্রদর্শন করার পর তা শিল্প-বাণিজ্যসহ অপরাপর ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন। এতে কর বিভাগ কোনো প্রশ্ন করবে না।’

গুচ্ছ মূসক পুনর্বিন্যাস: গুচ্ছ মূল্য সংযোজন কর (মূসক) প্রস্তাব কিছুটা সংশোধন করে পাস করা হয়েছে। বাজেট বক্তৃতায় এলাকাভেদে তিন হাজার টাকা, ছয় হাজার টাকা, নয় হাজার টাকা ও ১২ হাজার টাকা গুচ্ছ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছিল। এখন নয় হাজার টাকার স্থলে আট হাজার টাকা ও ১২ হাজার টাকার স্থলে ১১ হাজার টাকা করা হয়েছে।

৪৩ পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার: যেসব পণ্য প্রকৃত অর্থে মধ্যবর্তী পণ্য নয়, আবার চূড়ান্ত পণ্য নয়, এমন ৪৩টি পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্কের অতিরিক্ত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। এখন প্রস্তাবটি সংশোধন করে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া তৈরি পোশাকশিল্পে ব্যবহার্য অগ্নিনিরাপত্তা যন্ত্রপাতি আমদানিতে শুল্কহার হ্রাস করে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে দেশীয় শিল্প প্রতিরক্ষণে বিস্কুট, ওভেন, ফেব্রিকস, কেশ পরিচর্যাসামগ্রী পণ্যের ওপর যথাক্রমে ১০০, ৩০ ও ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

আসবাব ও মিষ্টান্নভান্ডারকে সেবা খাত হিসেবেই রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় এই দুটিকে পণ্য হিসেবে ঘোষণা দিয়ে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছিল। তবে অর্থমন্ত্রী বলেছেন, পরবর্তী বাজেট থেকে এই দুটি পণ্য হিসেবেই থাকবে।

এদিকে প্লাস্টিকের তৈরি তৈজসপত্র ও গৃহস্থালিসামগ্রী এবং অ্যালুমিনিয়াম ও এনামেলের তৈরি কিচেন সামগ্রী ও তৈজসপত্রের মূসক অব্যাহতি অব্যাহত রাখা হয়েছে। বাজেটে অর্থমন্ত্রী এই মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছিলেন।

এ ছাড়া ক্যানসার চিকিৎসায় ব্যবহূত ব্যয়বহুল ওষুধ ইমাটিনিব ক্যাপসুল ও নিলোটিনিবের ওপর আমদানিস্তরে প্রযোজ্য অগ্রিম মূসক (এটিভি) অব্যাহতি দেওয়া হয়েছে। এলইডি বাতির ওপর শুল্কহার ৫ শতাংশ অপরিবর্তিত রেখে এর খুচরা যন্ত্রাংশের ওপর প্রস্তাবিত ১০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।