স্থানীয় শিল্পে নানামুখী ছাড়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশেই এখন উন্নতমানের এলপিজি সিলিন্ডার তৈরি হচ্ছে। কিন্তু সিলিন্ডার আমদানিতে শুল্ক কম থাকায় এসব আমদানি করা সিলিন্ডারের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছিলেন না এ খাতের উদ্যোক্তারা।

এই উদ্যোক্তাদের জন্য সুখবর আসছে। কারণ প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সিলিন্ডার আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এত দিন মাত্র ৫ শতাংশ শুল্কে যে সিলিন্ডার আমদানি করা যেত, এখন আমদানি করতে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুধু সিলিন্ডারই নয়, স্থানীয় বেশ কিছু শিল্পের সুরক্ষার জন্য নানামুখী ছাড় দিতে যাচ্ছে সরকার। কোনো কোনো ক্ষেত্রে শিল্পের কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে। আবার কোনো ক্ষেত্রে স্থানীয় পণ্যকে সুরক্ষায় একই ধরনের পণ্যের আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।
সুরক্ষা পেতে যাওয়া এমনই আরেকটি খাত হলো লোহা ও ইস্পাত। এ খাতে দেশে বিনিয়োগের পরিমাণ পাঁচ হাজার কোটি টাকার বেশি। এ খাতকে সুরক্ষা দিতে দুটি প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর একটি হলো বিলেটের কাঁচামাল, স্পঞ্জ আয়রন ও রিডিউসড আয়রনের আমদানি শুল্কমুক্ত করা। অর্থাত্ এসব পণ্য আমদানিতে শুল্ক লাগবে না। অন্যটি হলো বিভিন্ন পণ্যের জন্য নির্দিষ্ট শুল্ক দীর্ঘদিন ধরে একপর্যায়ে আছে, সেটা বাড়ানো।
জাহাজ নির্মাণশিল্প এমনিতেই আগে থেকে বেশ কিছু সুবিধা পেয়ে আসছে। এবার সুবিধার তালিকায় যুক্ত হলো আরও কিছু বিষয়। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নেভিগেশন লাইট, ব্রডকাস্টিং যন্ত্রপাতি ও অগ্নিনির্বাপক যন্ত্রপাতির আমদানি শুল্ক হার ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন।
দেশে এখন কিছু প্রতিষ্ঠান উন্নতমানের মোবাইল ফোন সংযোজন করছে। এসব প্রতিষ্ঠানকে উত্পাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) দিতে হচ্ছে। অথচ মাত্র ১০ শতাংশ শুল্ক দিয়েই দেশে নানা ধরনের মোবাইল ফোন আমদানি হচ্ছে। অর্থমন্ত্রী মনে করেন, এতে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতায় পড়েছে। সে কারণে মোবাইল ফোনের আমদানি পর্যায়েও ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করেছেন তিনি।
বর্তমানে দেশে ডায়াপার তৈরি হয়। আবার ডায়াপার আমদানিও হয়। ডায়াপার তৈরির কাঁচামাল আমদানিতে বর্তমানে ২৫ শতাংশ শুল্ক আরোপিত আছে। অর্থমন্ত্রী সেটাকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছেন।
ট্রাক নির্মাণ খাতে ব্যবহূত হয় ডাম্প। এটি আমদানি করতে ১০ শতাংশ শুল্ক দিতে হয়। অর্থমন্ত্রী বলেছেন, নির্মাণ খাতের গুরুত্ব বিবেচনা করে এতে মূলধনি যন্ত্রপাতিতে প্রযোজ্য রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে কত শতাংশ হারে এটি আমদানি করা যাবে, সে বিষয়টি বাজেট বক্তৃতায় স্পষ্ট করেননি অর্থমন্ত্রী।
দেশীয় শিল্পের স্বার্থে ও শুল্ক বৈষম্য সামঞ্জস্য করতে জ্বালানিসাশ্রয়ী বাতি (এনার্জি সেভিং ল্যাম্প), বৈদ্যুতিক পাখার মোটর ইত্যাদির আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে দেশে উত্পাদিত ফিলামেন্ট বাতিতে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত আছে। অর্থমন্ত্রী বলেছেন, এর কারণে এ বাতির দাম বেশি। তাই দরিদ্র মানুষ তা কিনতে পারেন না। এ কারণেই এই সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত, দেশে উত্পাদিত জ্বালানিসাশ্রয়ী বাতির ওপর কোনো সম্পূরক শুল্ক আরোপিত নেই।
এ ছাড়া দেশীয় কাগজ, কাচ, রং, সিরামিক, রাবার, আসবাব, ইলেকট্রিক্যাল পণ্য ও প্লাস্টিক শিল্পের কিছু কাঁচামালের ১০ শতাংশ এবং কিছু কাঁচামালের ২৫ শতাংশ শুল্ক আরোপিত ছিল। ১০ শতাংশ শুল্ক থাকা কাঁচামালগুলোর ক্ষেত্রে ৫ শতাংশ আর ২৫ শতাংশ শুল্ক থাকা কাঁচামালগুলোর ক্ষেত্রে ১০ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।