
সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্থিক বিকেন্দ্রীকরণ। এর অভাবে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অনেক দিন থেকেই আর্থিক সক্ষমতা ও সুশাসন সংকটে রয়েছে। একটি স্থিতিশীল স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আর্থিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার ৩৬টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের প্ল্যাটফর্ম ‘গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম’ আয়োজিত ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ফোরামের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি জেলা ও উপজেলা পরিষদগুলোর সক্ষমতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। রাজনৈতিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে তিনি স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোকে দলীয় ভিত্তিতে করার ব্যাপারে মত দেন।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বাজেট প্রণয়নে আর্থিক বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার এ প্রস্তাবনাগুলো বাংলাদেশের সংবিধান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও ভিশন ২০২১-এ যেসব অঙ্গীকার রয়েছে সেগুলোর বাইরে কিছু নয়। সরকার তার অঙ্গীকারগুলো বাস্তবায়ন করলেই স্থানীয় সরকারের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে।