স্থানীয় উদ্যোক্তারা সুরক্ষা চান, তবে তথ্য দিতে অনাগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধানের সঙ্গে সংগতি রেখে দেশে আইন প্রণীত হয়েছে। গঠন করা হয়েছে সুরক্ষা কর্তৃপক্ষ (সেফগার্ড অথরিটি)। দুই বছর আগে গঠিত এই কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত তেমন কোনো কাজ করতে পারেনি মূলত স্থানীয় শিল্পোদ্যোক্তাদের অনাগ্রহ বা অসহযোগিতার জন্য। অবশ্য নিজ উদ্যোগেও সুরক্ষা কর্তৃপক্ষ কোনো কাজ করেনি।মূলত সুরক্ষা বিধিমালা, ডাম্পিং-বিরুদ্ধ (অ্যান্টি-ডাম্পিং) ও কাউন্টারভেলিং বিধি অনুযায়ী উদ্যোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ করে সুরক্ষা কর্তৃপক্ষ। স্থানীয় শিল্প সুরক্ষার জন্য ২০১০ সালের ৭ জুন সুরক্ষা শুল্ক বিধিমালা জারি করা হয়। এর আগে ডব্লিউটিওর বিধান অনুসারে ১৯৯৫ সালে দেশে অ্যান্টি-ডাম্পিং বিধিমালা ও ১৯৯৬ সালে কাউন্টারভেলিং বিধিমালা জারি করা হয়।এসব বিধিমালা কার্যকর করতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিজেই এই সুরক্ষা কর্তৃপক্ষের দায়িত্বে আছেন। অভিযোগ পাওয়ার পর তিনি তাঁর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ ভাগ করে দেন।দেশে কোনো পণ্য মাত্রাতিরিক্ত আমদানি হলে সুরক্ষা শুল্ক বিধিমালার মাধ্যমে ওই পণ্যের দেশীয় শিল্পকে রক্ষা করার সুযোগ রয়েছে। আবার অ্যান্টি-ডাম্পিং বিধিমালার আওতায় বিদেশি কোনো পণ্য উৎপাদনমূল্যের চেয়ে কম দামে স্থানীয় বাজারে প্রবেশ করলে দেশজ পণ্য রক্ষার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া কাউন্টারভেলিং বিধিমালায় ভর্তুকিমূল্যে বিদেশি কোনো পণ্য দেশীয় বাজারে প্রবেশ করলে স্থানীয় পণ্যকে প্রতিযোগিতাসক্ষম করতে সুরক্ষা দেওয়া হয়।জানা গেছে, দুই বছরে সুরক্ষা কর্তৃপক্ষের কাছে নয়টি আবেদন জমা পড়েছে। যে নয়টি খাতের স্থানীয় উদ্যোক্তারা সুরক্ষার জন্য আবেদন করেছেন, সেগুলো হলো: চিনি, সিরামিকস, চা, সুতি কাপড়, শিরীষ কাগজ, কার্বন রড, পাউডার প্রলেপ (কোটিং), রেজার ব্লেড, ট্রান্সফরমার ও রং। এসব পণ্য বেশি আমদানি হওয়ায় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন উদ্যোক্তারা। তাঁরা প্রতিকারের জন্য আবেদনও করেন।এসব অভিযোগ ও আবেদন আমলে এনে কাজ শুরু করে সুরক্ষা কর্তৃপক্ষ। কিন্তু কাজের পরবর্তী ধাপ হিসেবে আবেদনকারী উদ্যোক্তাদের কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়। এগুলোর মধ্যে আছে: কী পরিমাণ পণ্য তাঁরা দেশে উৎপাদন করেন, দেশের চাহিদা কত, কী পরিমাণ পণ্য আমদানি হয় ইত্যাদি। এসব তথ্য চাওয়া হয় ট্যারিফ কমিশনের পক্ষ থেকে।জানা গেছে, এসব তথ্য চাওয়ার পর আর আবেদনকারীরা সাড়া দিচ্ছেন না। এভাবে স্থানীয় উদ্যোক্তাদের তথ্য-উপাত্ত না পাওয়ায় কাজ এগিয়ে নিয়ে যেতে পারেনি ট্যারিফ কমিশন। তাই সুরক্ষা কর্তৃপক্ষের কার্যক্রমও আটকে গেছে।জানতে চাইলে ট্যারিফ কমিশনের সদস্য শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, উদ্যোক্তাদের আগ্রহ কম, তাই কর্তৃপক্ষ কোনো কাজ করতে পারছে না। তবে উদ্যোক্তা বা আমদানিকারক, রপ্তানিকারকদের সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।জানা গেছে, গত এক বছরে চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা করেছে ট্যারিফ কমিশন।ট্যারিফ কমিশনের কর্মকর্তারা জানান, দেশের ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারকেরা মূলত তাঁদের ব্যবসায়িক তথ্য প্রকাশ করতে চান না। আর সুরক্ষা কর্তৃপক্ষের মাধ্যমে কোনো একটি অভিযোগ নিষ্পত্তি হতে বেশ সময় লাগে। তাই তাঁরা আগ্রহী হয়ে ওঠেন না। আবার সুরক্ষা কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে এমন কোনো সমস্যা নিয়ে প্রভাবশালী কোনো কোনো ব্যবসায়ী-উদ্যোক্তা সরাসরি সরকারের উচ্চমহলে তদবির করে সমাধান করে থাকেন।নিয়ম অনুযায়ী, সুরক্ষা কর্তৃপক্ষ তদন্ত করে যে প্রতিবেদন দাখিল করবে, তাতে শুধু সুরক্ষা শুল্ক আরোপের সুপারিশ করতে পারে। আর সুপারিশ বাস্তবায়ন করা সরকারের ইচ্ছাধীন। তাই বেসরকারি খাতের উদ্যোক্তাদের আগ্রহ কম বলে অনেকে মনে করেন। আইনে সুরক্ষা কর্তৃপক্ষকে কোনো নিয়ন্ত্রণমূলক ক্ষমতা দেওয়া হয়নি। যা আছে বিধিমালায়: অভিযোগ পাওয়ার পর সুরক্ষা কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আরোপিত দিন থেকে সর্বোচ্চ ২০০ কার্যদিবসের জন্য সাময়িকভাবে সুরক্ষা শুল্ক আরোপ করা যাবে। তবে বিষয়টি ডব্লিউটিওর সুরক্ষাবিষয়ক কমিটিকে অবহিত করতে হবে।সর্বোচ্চ আট মাসের মধ্যে দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনে কোনো পণ্য অতিরিক্ত আমদানির ফলে স্থানীয় শিল্প হুমকির মধ্যে পড়েছে ও বিপুলসংখ্যক লোক কাজ হারিয়েছে—এমন বিষয় প্রমাণিত হলে সর্বোচ্চ চার বছরের জন্য সুরক্ষা শুল্ক আরোপ করা যাবে। তবে চূড়ান্ত প্রতিবেদনে প্রমাণ করা না গেলে ৩০ দিনের মধ্যে সাময়িক সুরক্ষা শুল্ক প্রত্যাহার করতে হবে।১৯৯২ সালে ট্যারিফ কমিশন আইন হওয়ার পর সুরক্ষা শুল্ক বিধিমালা জারির আগ পর্যন্ত স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে মাত্র আট-নয়টি অভিযোগ এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: স্থানীয় টিউবলাইট শিল্প, জরির সুতা, টেলিভিশন সংযোজন শিল্প, রেফ্রিজারেটর সংযোজন শিল্প, ব্লেড শিল্প। কিন্তু তখন স্থানীয় শিল্প সুরক্ষায় কোনো বিধিমালা না থাকায় ট্যারিফ কমিশন কোনো সুপারিশ করতে পারেনি।