স্থানীয় বাজার থেকে পণ্য কিনলে টিসিবিকে মূসক দিতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) প্রদানে ছাড় দেওয়া হয়েছে। গত ৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করেছে।জানা গেছে, বর্তমানে স্থানীয় বাজার থেকে কোনো পণ্য সংগ্রহ করলে জোগানদার পর্যায়ে টিসিবিকে চার শতাংশ হারে মূসক দিতে হয়। ক্রয়কৃত পণ্য মনোনীত ডিলারদের কাছে বিক্রয় এবং ডিলার কর্তৃক ভোক্তার কাছে বিপণনকালে দুই শতাংশ হারে মূসক দিতে হয়। কিন্তু রাজস্ব বোর্ডের জারি করা প্রজ্ঞাপনের ফলে এখন থেকে মূসক ও তার ডিলাররা এই ছয় শতাংশ মূসক প্রদান থেকে অব্যাহতি পাবে। তবে রাজস্ব বোর্ড টিসিবি কর্তৃক স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহের মূসকমুক্ত পরিমাণও নির্দিষ্ট করে দিয়েছে। এই সুবিধার আওতায় টিসিবি স্থানীয় বাজার থেকে মোট ৩৮ হাজার টন পাম অলিন বা সয়াবিন সংগ্রহ করতে পারবে। অন্য পণ্যগুলোর ক্ষেত্রে সীমা হলো চিনি ৩৮ হাজার টন, মশুর ডাল ১০ হাজার টন, ছোলা ৭৫০ টন এবং পেঁয়াজ ৭৫০ টন।রাজস্ব বোর্ডের একটি সূত্র বলছে, স্বল্পমূল্যে টিসিবি যাতে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত রমজানের সময় বাজার নিয়ন্ত্রণে ও ভোক্তাদের স্বল্পমূল্যে পণ্য পৌঁছে দেওয়ার জন্য একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই টিসিবি পণ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়।