স্থানীয় বিনিয়োগ প্রস্তাব কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিগত ২০১৫-১৬ অর্থবছরের শেষ তিন মাস এপ্রিল-জুনে দেশে বিনিয়োগ প্রস্তাবের নিবন্ধন সার্বিকভাবে আগের প্রান্তিকের চেয়ে ১৯ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। এ সময়ে সম্পূর্ণ বিদেশি ও যৌথ মালিকানাধীন বিনিয়োগ প্রস্তাবের নিবন্ধন বেড়েছে। তবে কমেছে দেশি বিনিয়োগ প্রস্তাবের নিবন্ধন।
বিনিয়োগ বোর্ড জানিয়েছে, আলোচ্য সময়ে ৪৪৪টি শিল্পপ্রতিষ্ঠানের নামে প্রায় ৪০ হাজার ২৩৪ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। আগের প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) চেয়ে তা প্রায় ৬ হাজার ৫৬১ কোটি টাকা বেশি। জানুয়ারি-মার্চ সময়ে নিবন্ধিত হয়েছিল প্রায় ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। ওই সময়েও নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৪৪।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার জানানো হয়, সর্বশেষ প্রান্তিকে যেসব প্রস্তাব এসেছে, তা বাস্তবায়িত হলে ৮৮ হাজার ৪৬৬ জনের কর্মসংস্থান হতে পারে। এতে জানানো হয়, এপ্রিল-জুন সময়ে স্থানীয়ভাবে ৩৯৪টি শিল্প ইউনিট প্রায় ২৯ হাজার ১০৭ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন করেছে; যা আগের প্রান্তিকের চেয়ে ৬ দশমিক ৭৩ শতাংশ কম। আগের প্রান্তিকে ৪০৯টি শিল্প ইউনিট ৩১ হাজার ২০৬ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন করেছিল।
আলোচ্য প্রান্তিকে স্থানীয় বিনিয়োগের নিবন্ধন ২০১৫ সালের এপ্রিল-জুন সময়ের চেয়েও ৮ দশমিক ২৭ শতাংশ কম বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
গত অর্থবছরের শেষ প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় বিদেশি ও যৌথ বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন বেড়েছে প্রায় ৩৫১ শতাংশ। এ সময় ২০টি শতভাগ বিদেশি ও ৩০টি যৌথ মালিকানা মিলিয়ে মোট ৫০টি বিদেশি প্রস্তাব বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হয়। এসব প্রতিষ্ঠান মোট ১১ হাজার ১২৭ কোটি টাকা বিনিয়োগ করবে। আগের প্রান্তিকে বিদেশি ও যৌথ মিলিয়ে ৩৫টি প্রতিষ্ঠান প্রায় ২ হাজার ৪৬৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছিল।
এপ্রিল-জুন প্রান্তিকে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে রসায়ন খাতে, যা মোট বিনিয়োগের ৩৪ দশমিক ৪৭ শতাংশ। এর পেছনে রয়েছে প্রকৌশল ও কৃষিশিল্প খাত।