স্থানীয় মুদ্রাবাজারে ডলার ও টাকার লেনদেন স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহের শেষ দুই দিন মার্কিন ডলার ও স্থানীয় টাকার সরাসরি কেনাবেচা কিছুটা স্থিতিশীল হয়ে আসে। এ সময় বড় বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার বিক্রি করার ব্যাপারে তৎপর দেখা গেছে।সপ্তাহের শুরুতে প্রতি মার্কিন ডলার ৭৪ টাকা ৭৪ পয়সা থেকে ৭৪ টাকা ৭৫ পয়সায় কেনাবেচা হয়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে প্রতি ডলার ৭৪ টাকা ৬৯ পয়সা থেকে ৭৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়। এদিকে আলোচ্য সপ্তাহের শুরুতে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে স্বল্প মেয়াদে নেওয়া কর্জ) সুদের হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল।তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কলমানির সুদের হার বেড়ে গিয়ে ১২ শতাংশে উঠে যায়। অবশ্য সপ্তাহের শেষ দুটি কর্মদিবস যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার কলমানির সুদের হার কিছুটা শিথিল হয়ে আসে। এ সময় বেশির ভাগ লেনদেন সম্পন্ন হয় ৮ থেকে ৯ শতাংশ সুদে।আলোচ্য সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ৯১ দিন ও ৩৬৪ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের যথাক্রমে ৩৫০ কোটি টাকা ও ২৫০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। ট্রেজারি বিলের এই নিলামে অন্তর্নিহিত সুদের হার যথাক্রমে ৭ দশমিক ০৫ শতাংশে ও ৭ দশমিক ৬০ শতাংশে নির্ধারিত হয়।এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে পাঁচ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ডের ৩০০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়েছে। এ ক্ষেত্রে অন্তর্নিহিত সুদের হার ৮ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৩০ শতাংশে নির্ধারিত হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।