স্থানীয় শিল্পের বিকাশে বড় বাধা অসাধু ব্যবসায়ী ও এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেছেন, স্থানীয় শিল্পের বিকাশের অন্যতম বড় বাধা দেশের একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীরা পণ্যের ভ্যাট সরকারকে না দিয়ে ভ্যাট কর্মকর্তাদের ঘুষ দেন।মজিবুর রহমান বলেন, বিশ্বের সব দেশে স্থানীয় শিল্পকে রক্ষায় নীতি প্রণয়ন, কর ও শুল্ক কাঠামো নির্ধারণ ও ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা আনার দায়িত্ব ট্যারিফ কমিশনের। অথচ একমাত্র বাংলাদেশেই কর ও শুল্ক কাঠামো নির্ধারণ করে এনবিআর। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও ট্যারিফ কমিশনের সুপারিশ ছাড়া কর কাঠামো পরিবর্তন করা হয় না। স্থানীয় শিল্পের বিকাশের স্বার্থে তিনি ট্যারিফ কমিশনকে শক্তিশালী করার সুপারিশ করেন।বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে আয়োজিত ‘দেশীয় শিল্পের সংরক্ষণ ও ট্যারিফ কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মজিবুর রহমান এসব কথা বলেন।গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবনে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলাম হেলাল। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন এবং বিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান।বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, বাংলাদেশ ট্যারিফ কমিশনকে আরও শক্তিশালী ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, যা একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক বাণিজ্যে পরামর্শ দিয়ে অর্থবহ ভূমিকা রাখতে সক্ষম হবে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, কিছু রাজনীতিবিদের দুর্নীতি ও অদক্ষতার কারণে দেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা, সেভাবে এগোতে পারছে না। অতীতে এসব রাজনীতিবিদ দুর্নীতির মাধ্যমে শুধু খাম্বা দিয়ে গেছেন, বিদ্যুৎ উৎপাদনের কিছু করতে পারেননি। বিদ্যুতের লাইন দিয়েই তো কাজ হবে না, বিদ্যুৎ পাওয়ার জন্য উৎপাদন করতে হবে। এসব না হওয়ার পেছনে মূল সমস্যা দুর্নীতি।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে নিজ নিজ ব্যবসা ও স্বার্থরক্ষার জন্য সংশ্লিষ্ট কমিটিতে সাংসদেরা রয়েছেন। এটা হচ্ছে শিয়ালের কাছে মুরগি বন্ধক দেওয়ার মতো। এভাবে যাঁরা সংসদীয় কমিটিতে রয়েছেন, তাঁদের প্রত্যাহার করা হোক। তাঁদের কারণে দেশের অর্থনীতি ও শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।এক প্রশ্নের জবাবে মজিবুর রহমান ডাম্পিংয়ের জন্য স্থানীয় অসাধু আমদানিকারকদের দায়ী করে বলেন, তাঁরা শুল্ক ফাঁকি দেওয়ার জন্য পিএসআইয়ের কর্মকর্তাদের হাত করে সনদ নেন ও এনবিআরের কর্মকর্তাদের ঘুষ দেন। ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দিতে দুটি খাতা ব্যবহার করেন।