স্থানীয় সরকারের অর্থায়নে স্বতন্ত্র কমিশনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করতে ‘স্থানীয় সরকার (অর্থ) কমিশন’ নামে স্বতন্ত্র একটি কমিশন গঠনের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল রোববার উপস্থাপিত স্থানীয় সরকারের অর্থায়ন সম্পর্কিত মাঠপর্যায়ের এক গবেষণা প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনটি যৌথভাবে করে সিপিডি ও নরওয়ের সংস্থা সিএমআই। ২০১২ সালের ডিসেম্বর থেকে গত ৩ মার্চ পর্যন্ত তিন মাসব্যাপী নতুন ও পুরোনো মিলিয়ে এ, বি ও সি শ্রেণীর নয়টি পৌরসভা ও দুটি সিটি করপোরেশনের ওপর এ গবেষণা করা হয়। জরিপে মতামত নেওয়া হয় মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, কাউন্সিলর, হিসাব কর্মকর্তা ও সাধারণ মানুষের। সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন ‘নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির। প্রতিবেদনটি তুলে ধরেন এ গবেষণার প্রধান গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।প্রতিবেদনে বলা হয়, ‘দেশে অনেক পৌরসভা হয়েছে রাজনৈতিক কারণে, যাদের সেবা দেওয়ার সক্ষমতা নেই।’ প্রতিবেদনের মতে, ক্ষমতাসীন দলের মেয়রেরা ভালো তহবিল পেলেও বিরোধীরা কম পান। কখনো মেয়ররা সাংসদদের সঙ্গে প্রতিযোগিতায় নামেন। আবার সাংসদেরাও তাঁদের কাজ করতে দেন না। আলোচনা: দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক উন্নয়ন হতে পারে স্থানীয় সরকার কমিশন গঠনের মাধ্যমে। দেশে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী থাকলে দেশজুড়ে সংঘটিত সাম্প্রতিক সহিংস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকত বলে তিনি মনে করেন।আলোচনায় অংশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এখনকার যে সংকটময় পরিস্থিতি, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী থাকলে অনেকটাই লাঘব করা যেত।’ স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘গবেষণায় অর্থায়নে জোর দেওয়া হলেও মূল সংকট কিন্তু সুশাসনের। অনেক কাউন্সিলরের বিরুদ্ধে এমনকি খুনের মামলাও রয়েছে। তাঁদের কাছ থেকে কতটুকু সুশাসন আশা করা যাবে?’মোবাশ্বের মোনেম বলেন, সবার সঙ্গে কথা বলে যা বোঝা গেছে, দেশে এখন স্থানীয় সরকার (অর্থ) কমিশন গঠনের বিকল্প নেই।এ ছাড়া সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, মেহেরপুর পৌরসভার মেয়র মোতাসিম বিল্লাহ, বাংলাদেশ মহিলা পরিষদের রেখা চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।