স্থানীয় সরকারের বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেট সামনে রেখে আবার দেশের সুষম উন্নয়নের স্বার্থে স্থানীয় সরকারকে শক্তিশালী ও সেখানে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি উঠেছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ দাবি জানান। গতকাল মঙ্গলবার সকালে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক মতিবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভার প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সুষম উন্নয়নের স্বার্থে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার সঙ্গে একমত পোষণ করেন।
বিশেষ অতিথি ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ ভূমি হস্তান্তর করের সর্বোচ্চ ২০ শতাংশ স্থানীয় উন্নয়নে বরাদ্দ দেওয়ার দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মাহাবুব আরা বেগম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।
অ্যাডভোকেসি ফোরামের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। রাজধানীর ফার্মগেট এলাকায় ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল ‘বাজেট বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য যুক্তিসংগত বরাদ্দ’।
এম এ মান্নান বলেন, ‘বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। তবে উন্নয়ন বা পরিকল্পনা যেটাই করা হোক না কেন, সেটা হতে হবে অবশ্যই টেকসই। আমরা মনে করি, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার টেকসই হলে স্থানীয় সরকারব্যবস্থাও টেকসই হবে।’
কর্মজীবনের দীর্ঘ সময় স্থানীয় প্রশাসনসহ আমলাতন্ত্রের পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ইউনিয়ন পরিষদের সচিবের পদটিকে শক্তিশালী ও এটির মানোন্নয়ন করা উচিত।
তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকারের জন্য বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়, সেটি বেশ অপ্রতুল। তা সত্ত্বেও ওই বরাদ্দের ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত নানা কৌশলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রেখে দেয়। পরবর্তী সময়ে তদবিরকারী আর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সংস্কৃতিকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে আহরিত কর ও জাতীয় করব্যবস্থার মধ্যে সংযোগ তৈরি করা দরকার।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘দেশে বড় ধরনের ধান্ধাবাজির অর্থনীতি বিরাজমান। শক্তিশালী গোষ্ঠী বাজেটকে নিয়ন্ত্রণ করে। এ ব্যবস্থাকে আঘাত করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করে তুলতে হবে। অর্থ বরাদ্দের ভিত্তিতে বাজেট বাস্তবায়ন হিসাব না করে কাজের ভিত্তিতে করা দরকার।’
মূল প্রবন্ধে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়ন পরিষদে অতি দ্রুত একজন করে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ, স্থানীয় পর্যায় থেকে আহরিত করের একটি সুনির্দিষ্ট অংশ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ রাখা ইত্যাদি।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ ফাউন্ডেশন অব বাংলাদেশের আহ্বায়ক আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান, নওগাঁর পত্নীতলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রমুখ।