স্থাপনার মান নিশ্চিতে ফ্যাটিগ পরীক্ষা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো ধরনের স্থাপনা তৈরির আগে সেটির গুণগত মান নিশ্চিত করতে রডের ফ্যাটিগ পরীক্ষা জরুরি বলে মত দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকেরা। তাঁরা বলছেন, যে রডের ‘ফ্যাটিগ প্রপার্টিজ’ যত বেশি, সেই রড ব্যবহারে স্থাপনার স্থায়িত্ব বেশি।
রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএসআরএমের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই অভিমত তুলে ধরা হয়। এতে ফ্যাটিগের ব্যবহার ও কারিগরি দিক তুলে ধরেন বুয়েটের শিক্ষক রাকিব আহসান, আহমেদ শরীফ ও ফাহমিদা গুলশান।
বুয়েটের আরেক শিক্ষক মেহেদী আহমেদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন ও বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত ও ঢাকা অফিসের প্রধান কাজী আনোয়ার আহমেদ। শিক্ষকেরা বলেন, ফ্যাটিগের দুর্বলতার কারণে কোনো সতর্কবার্তা ছাড়াই যেকোনো স্থাপনায় হঠাৎ করেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আমীর আলীহোসাইন বলেন, বিএসআরএম সব সময় পণ্যের সর্বোচ্চ ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার চেষ্টা করে। এ কারণে বিদেশে রডের ফ্যাটিগ পরীক্ষার মাধ্যমে পণ্যের মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্যের মানের পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিএসআরএম নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।