স্থায়ী সম্পদে বিনিয়োগে বিধিনিষেধ আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে নিজেদের উদ্বৃত্ত তহবিলের ৩৫ শতাংশের বেশি স্থায়ী সম্পদে বিনিয়োগ করতে পারবে না। যেসব প্রতিষ্ঠানের বর্তমানে স্থায়ী সম্পদে এর চেয়ে বেশি বিনিয়োগ আছে, তাদের আগামী এক বছরের মধ্যে সমন্বয় করতে হবে।
ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রক মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ) গত মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা আরও হয়েছে, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে তার ৮৫ শতাংশ, পুঞ্জীভূত উদ্বৃত্তের ৫০ শতাংশ এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের পুরোটা যোগ করে যা হবে তার ন্যূনতম ৯০ শতাংশ মাঠপর্যায়ে ঋণ হিসেবে বিতরণ করতে হবে।
জানতে চাইলে এমআরএর পরিচালক সাজ্জাদ হোসেন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, অনেক ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান জমি কেনার দিকে ঝুঁকছে। কারণ, অনেক এলাকায় জমি কেনাবেচা বেশ লাভজনক। তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ বিতরণের নামে ঋণ নিয়ে পরে তা জমি কেনায় বিনিয়োগ করে। কয়েকটি প্রতিষ্ঠান এ বিষয়ে আগ্রাসী হয়ে উঠেছে। এমনটি আমাদের নজরে আসার পরই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের প্রতি জারি করা প্রজ্ঞাপনে কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান নির্ধারিত খাতের বাইরে বিনিয়োগ করতে চাইলে এমআরএ থেকে অনুমোদন নিতে হবে। এ ছাড়া আমানতের অর্থ দিয়ে কোনো ধরনের স্থাবর ও অস্থাবর সম্পদ কেনা এবং কোনো ধরনের ব্যয় করবে না। তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান তাদের মোট সম্পদের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থায়ী সম্পত্তি কিনতে পারবে।
এমআরএর ওয়েবসাইট থেকে জানা যায়, এমআরএ সনদ নিয়ে ৬৯৭টি এনজিও ক্ষুদ্রঋণ বিতরণ করছে। ২০১৪ সালের জুন মাস
পর্যন্ত এসব প্রতিষ্ঠান দেশের আড়াই কোটি গ্রাহকের কাছে ২৭ হাজার ৮০১ কোটি ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। আমানত সংগ্রহ করেছে ১১ হাজার ২৯৯ কোটি ১০ লাখ টাকা।