স্থায়ী প্রাঙ্গণ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মেলার জন্য স্থায়ী একটি প্রাঙ্গণ বা কমপ্লেক্স স্থাপনের অঙ্গীকারের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৩। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ঢাকার অদূরে বাণিজ্য মেলার একটি স্থায়ী কমপ্লেক্স নির্মাণ করা হবে। কারণ, তিনি মনে করেন, এবারের মেলায় যে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তা ওই স্থায়ী কমপ্লেক্স না থাকার কারণেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীস বসু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। গত ১ জানুয়ারি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। প্রতিবছরই মেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মেলা শুরুর প্রথম বছর থেকেই মেলার জন্য স্থায়ী প্রাঙ্গণের ঘোষণা দেওয়া হচ্ছে। অন্য সব বাণিজ্যমন্ত্রীর মতো গোলাম মোহাম্মদ কাদেরও স্থায়ী বাণিজ্য মেলা কমপ্লেক্স স্থাপনের অঙ্গীকার করেন গতকাল। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবছরেই এক মাসের জন্য তাড়াহুড়ো করে স্টল-প্যাভিলিয়ন নির্মিত হয়। এটি একটি সমস্যা। স্থায়ী কাঠামো নির্মাণের পর দ্বিতীয়বার এমনটি ঘটবে না বলে তিনি মনে করেন। শুরুর দিকে মেলার আয়োজন নিয়ে কিছু সমস্যা হয়েছিল। মেলায় আগুন লেগেছিল একদিন। আরেক দিন স্টল ভেঙে একজন মারা গেছেন। এ ছাড়া এবারের বাণিজ্য মেলা সফলভাবে শেষ হয়েছে।এ বি এম আবুল কাসেম বলেন, ‘বিদেশিদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে।’ তিনি মনে করেন, প্রতিযোগিতামূলক বিশ্বব্যবস্থায় টিকতে হলে বৈচিত্র্যময় পণ্যই শুধু নয়, এসব পণ্যের গুণগত মানও ভালো হওয়া দরকার। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, বাণিজ্য মেলার জন্য স্থায়ী কাঠামো নির্মিত হলে শুধু এক মাস নয়, সারা বছর মানুষ সেখানে বিভিন্ন ধরনের মেলা উপভোগ করতে পারবে। ব্যবসার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। কাজী আকরাম উদ্দিন বলেন, ‘দেশে হরতালের মতো পরিস্থিতি চলতে থাকলে বিদেশিরা আমাদের দেশে আসবেন না।’ দেশে উৎপাদিত পণ্যের বাজার বিদেশের চেয়ে দেশেই ভালো উল্লেখ করে তিনি বলেন, আগামী ১০ বছরে বাংলাদেশের অবস্থানে অন্য দেশগুলো ঈর্ষান্বিত হবে।বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিলিয়ে বাণিজ্যসচিব মাহবুব আহমেদও মেলার স্থায়ী কমপ্লেক্স স্থাপনের অঙ্গীকার করেন। ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীস বসু জানান, এবারের বাণিজ্য মেলায় ১৫৭ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। মেলা উপলক্ষে এক কোটি লোক ইপিবির ওয়েবসাইট দেখেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন’ নির্মাণের উদ্যোগ গ্রহণ ও সুচারু ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয় ইপিবিকে।