স্থায়ীভাবে দেশি মাছ রপ্তানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়ি ছাড়া সব ধরনের দেশি মাছের রপ্তানি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে মৎস্যজীবী উপজাতি এবং হতদরিদ্র উন্নয়ন সোসাইটি নামের একটি সংগঠন।রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। মাছের আড়তদার এবং কয়েকজন বিশিষ্ট নাগরিককে নিয়ে সংগঠনটি গঠিত।সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দুটি দাবি জানিয়ে আসছিলাম। একটি হলো মৎস্যজীবীদের জন্য পেশাভিত্তিক জাতীয় পরিচয়পত্র দেওয়া, অন্যটি চিংড়ি ছাড়া অন্য সব মাছ মানুষের চাহিদা মেটানোর আগে বিদেশে রপ্তানি নিষিদ্ধ করা। প্রধানমন্ত্রী আমাদের একটি দাবি পূরণ করেছেন।’মো. আবু বকর সিদ্দিক বলেন, রপ্তানি বন্ধের সুফল বাজারে পড়তে শুরু করেছে। এক সপ্তাহে বাজারে ইলিশের দাম কমেছে কেজিতে ৪০০ টাকা।প্রসঙ্গত, ‘দীর্ঘ মেয়াদে মাছ রপ্তানি বন্ধ রাখার সুপারিশ’ শিরোনামে ২ আগস্ট একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০১১-১২ অর্থবছরে দেশে মাছের উৎপাদন হয়েছে ৩২ লাখ ২২ হাজার টন। আর রপ্তানি হয়েছে ১৯ হাজার টন মাছ। তার আগের অর্থবছরে ৩০ লাখ ৬২ হাজার টন উৎপাদিত মাছের ১৬ হাজার টন রপ্তানি হয়েছে।আবু বকর সিদ্দিক যাত্রাবাড়ী মৎস্য আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতিরও সভাপতি। মাছ মজুদ করা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, মাছ রপ্তানি বন্ধ হওয়ায় অনেক ব্যবসায়ীই এখন হিমাগারে মাছ মজুদ করে রাখবেন। এটি হলে বাজারে মাছ পাওয়া যাবে না। তাই সরকারকে মজুদ বন্ধেরও নির্দেশ দিতে হবে। এতে মাছের সরবরাহ বাড়বে। দাম আরও কমবে।আবু বকর সিদ্দিক আরও বলেন, শুধু কাপ্তাই লেক ব্যবহার করেই দেশের মানুষের মাছের চাহিদার ৫০ শতাংশ পূরণ করা যায়। কারণ, ওই লেকে ইলিশ ছাড়া সব মাছই উৎপাদন সম্ভব।