সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের সুপারিশ
স্থিতিশীলতা আনতে কৃত্রিমভাবে শেয়ারদরের স্ফীতি রোধ জরুরি
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের অন্যতম প্রভাবশালী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) শিল্পায়নের স্বার্থে জরুরিভিত্তিতে পুঁজিবাজারের স্থিতিশীলতা আনার তাগিদ দিয়েছে। আর এই স্থিতিশীলতা আনতে কৃত্রিমভাবে শেয়ারদরে স্ফীতি রোধের পরামর্শ দেওয়া হয়েছে। সংগঠনটি বলেছে, শিল্পোন্নয়ন ও উৎপাদনশীলতার সঙ্গে সংগতিপূর্ণ পুঁজিবাজার প্রতিষ্ঠা করতে হবে। যেন পুঁজিবাজার শিল্পোন্নয়নের একটি পরিমাপক (ব্যারোমিটার) হিসেবে চিহ্নিত হয়।গতকাল মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এসব কথা বলা হয়। রাজধানীর মতিঝিলে চেম্বারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম। তিনি দেশের ব্যবসা ও বাণিজ্যের উন্নয়নে ঢাকা চেম্বারের কর্মকাণ্ড এবং আগামী এক বছরের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীরসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।আসিফ ইব্রাহীম বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে বর্তমানে ব্যাপকভাবে অস্থিতিশীলতা বিরাজ করছে। বিগত দু-তিন বছরে পুঁজিবাজারে বিনিয়োগের যে আস্থা তৈরি হয়েছিল, বর্তমানে সে আস্থার সংকট দেখা দিয়েছে। আর ‘বুদ্বুদ অর্থনীতি’র (বাবল ইকোনমি) সৃষ্টি হয়েছে।তিনি আরও বলেন, ২০১০ সালে বিনিয়োগকারী বাড়ার পাশাপাশি শেয়ারের সরবরাহ বাড়ানো গেলে বর্তমানে এ অবস্থার সৃষ্টি হতো না।ঢাকা চেম্বারের সভাপতি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে শিল্পায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের বিকল্প নেই। কৃত্রিম এবং স্ফীত শেয়ার বৃদ্ধিকে যেকোনো মূল্যে রোধ করতে হবে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা এমনভাবে পরিচালিত হওয়া দরকার যাতে ক্ষুদ্র বিনিয়োগকারী কোনোভাবেই প্রতারিত না হন।ডিসিসিআইয়ের সভাপতির মতে, বাজারে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে প্রতিষ্ঠানে সঠিক আর্থিক মূল্যায়ন এবং ওই কোম্পানির বিগত বছরের আর্থিক সংগতি দেখতে হবে। একই সঙ্গে বাজারে যেন সঠিক মূল্য আসে সেদিকেও নজর দিতে হবে।তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বছরে ১৩-১৪ শতাংশ হারে সুদ গুনতে হলে শিল্পায়ন ত্বরান্বিত নয়, বরং বাধাগ্রস্ত হবে। আসিফ ইব্রাহীম বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার এবং এর ভিত্তিতে ২০৩০ সালে বিশ্বের ৩০তম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে পরিণত হওয়ার সব রকম সক্ষমতা বাংলাদেশের রয়েছে।সংবাদ সম্মেলনে দেশের রপ্তানি আয় ও জনশক্তি রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী নেতাদের স্বল্পমেয়াদে নিয়োগ করার প্রস্তাব করা হয়। এ ছাড়া নতুন পণ্য এবং নতুন বাজার তৈরির লক্ষ্য সামনে রেখে ঢাকা চেম্বার এ বছর ভারতের উত্তর-পূর্ব রাজ্য, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোয় প্রতিনিধি প্রেরণ করবে বলেও জানানো হয়।আসিফ ইব্রাহীম তৈরি পোশাক শিল্পে মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়নের ওপর জোর দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনশক্তি রপ্তানি বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। এ খাত থেকে অর্জিত আয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ শতাংশ। দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে এ আয় প্রায় চার হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব। এ ব্যাপারে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভকেশনাল প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সংযোগ এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য চেম্বার কাজ করছে। এ ছাড়া দেশে দক্ষ ব্যবস্থাপকের সংখ্যা বাড়াতে চেম্বারের বিজনেস ইনস্টিটিউট চলতি বছর থেকে বিবিএ (ব্যবসায় প্রশাসন) কোর্স চালু করবে।