স্থিতিশীলতা চায় সরকারের শীর্ষ মহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের স্থিতিশীলতা চায় সরকারের সর্বোচ্চ মহল। আর এ জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় সহযোগিতা।পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে এক জরুরি বৈঠকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন গতকাল সোমবার এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকারের শীর্ষপর্যায় থেকে আমাকে বাজার স্থিতিশীল করার ব্যাপারে বলা হয়েছে।’বৈঠক সূত্র জানায়, বাজারের স্থিতিশীলতার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নেতিবাচক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এসইসির চেয়ারম্যান। একই সঙ্গে গণমাধ্যমে বাজার সম্পর্কে কোনো ধরনের ক্ষতিকর মন্তব্য করার ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন।বাজারের অব্যাহত মন্দার কারণ ও উত্তরণের উপায় সম্পর্কে সংশ্লিষ্টদের মতামত জানতেই এসইসি জরুরি ভিত্তিতে এ বৈঠকের আয়োজন করে। নবগঠিত এসইসি এই প্রথম সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে বৈঠক করল। এর আগে সংস্থাটি পৃথক পৃথকভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছিল।এম খায়রুল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন ও আরিফ খান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, সিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আল-মারুফ খান, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মর্তুজা আহমেদ, বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইওয়ার সাঈদ প্রমুখ।জানা গেছে, বৈঠকে আহসানুল ইসলাম দাবি করেন যে বর্তমানে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস মিলে প্রায় আট হাজার কোটি টাকার ঋণ রয়েছে, যার মধ্যে প্রায় ১০ শতাংশ কুঋণের পরিণত হওয়ার পথে। তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের কুঋণ বাড়তে দেওয়া উচিত হবে না। এ জন্য বিশেষ তহবিল গঠনের সুপারিশ করেন তিনি।আল-মারুফ খান বলেন, এসইসিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এগোতে হবে। চাপ দিলেই আইন-কানুন পরিবর্তন করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।আরিফ খান বলেন, বাংলাদেশের বাজার একটু ভিন্ন ধরনের। এখানে স্বল্প ও দীর্ঘমেয়াদি মিলিয়েই নীতি গ্রহণ করতে হয়।সিটি ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার আসাদুল ইসলাম বলেন. ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউসগুলো আগে ব্যাংকের একটি বিভাগ হিসাবে কাজ করত। ওই সময় তারা প্রচুর ঋণ গ্রাহকদের দিয়েছে। কিন্তু সহযোগী প্রতিষ্ঠান হওয়ার পর হঠাৎ একক গ্রাহক ঋণসীমার আওতায় পড়ে যাওয়ায় ইতিপূর্বে প্রদত্ত ঋণ সমন্বয় করতে হচ্ছে। ফলে, নতুন কোনো তহবিল তাদের পক্ষে বাজারে দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় স্বল্প সুদে পুন অর্থায়নের মাধ্যমে একটি বাজার পুনর্গঠন তহবিল গঠন করা যেতে পারে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শেখ মর্তুজা আহমেদ বলেন, বৈঠকে বাজারে তারল্য ও আস্থার সংকট রয়েছে বলে অভিমত প্রকাশ পেয়েছে। তবে তারল্যসংকট রাতারাতি দূর করা সম্ভব নয়, সময় লাগবে। আস্থার সংকট দূর করতে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে।