স্থিতিশীলতা থাকায় রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। একই কারণে এ বছর রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ২০১৩ ও ২০১৪ সালে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালের প্রথম তিন মাসেও একই অবস্থা ছিল। এখন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, যার জন্য দেশের আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ভালো।’
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামে লায়ন্স ক্লাবের জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এক সময় যারা বলত বাংলাদেশ গরিব রাষ্ট্রগুলোর মডেল, আজ তারাই বলে বাংলাদেশের উত্থান বিস্ময়কর। এ বছর রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম সাড়ে ৩৩ বিলিয়ন ডলার। সেটি ৩৪ ছাড়িয়ে ৩৫ বিলিয়ন ডলারে যাবে। তার কারণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা।’ চট্টগ্রামকে বাংলাদেশের হৃদয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম দিয়ে আমদানি-রপ্তানি হয়। এটি বাধাগ্রস্ত হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।’
বাণিজ্যমন্ত্রী বলেন, সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেলের কাজ শুরু হয়েছে। কক্সবাজার পর্যন্ত রেললাইন হবে। গভীর সমুদ্রবন্দর তো চলেছে, কনটেইনার টার্মিনাল হতে চলেছে। চট্টগ্রামে এলএনজি টার্মিনাল হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব ৩১৫বি-৪ এর গভর্নর মোস্তাক হোসেন। আরও বক্তব্য দেন এম এ আউয়াল, আকরাম উদ্দিন আহমেদ, সিরাজুল হক আনসারী, শফিউর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।
তোফায়েল আহমেদ বলেন, ‘একসময় আমাদের খাদ্যের অভাব ছিল। এখন আমি চাল রপ্তানি করার জন্য বাজার খুঁজছি। আমরা সুগন্ধী চাল এবং সাধারণ চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছি। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে।’