স্থিতিশীলতা ফেরাতে ৩০ ব্রোকারেজ হাউসের সঙ্গে ডিএসইর বৈঠক
শেয়ারবাজারে লেনদেন সম্প্রতি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করার লক্ষ্যে আজ রোববার বিকেলে ডিএসইর সদস্য শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ডিএসই কর্তৃপক্ষ। বৈঠকে ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তারা বেশ কিছু সুপারিশ করেন।বৈঠক শেষে ডিএসইর সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাজারে লেনদেন কমে যাচ্ছে। আমরা মনে করেছি, এর পেছনে সমস্যা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় করণীয় ঠিক করা দরকার।’ তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। আমরা পর্ষদ সভায় এ সুপারিশগুলো নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় করণীয় ঠিক করব। পরে তা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।’শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের পক্ষ থেকে যেসব সুপারিশ উঠে এসেছে, তা হলো লেনদেনের ওপর আরোপিত কর কমানো, সিংগেল পার্টি এক্সপোজারের সময়সীমা বাড়ানো, অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর করা ও খারাপ বাজারে মিউচুয়াল ফান্ডগুলো তত্পর থাকার ব্যাপারে এসইসির মাধ্যমে ব্যবস্থা নেওয়া। এ ছাড়া ব্যাংক কোম্পানি আইনের সংশোধিত খসড়া নিয়েও ব্রোকাররা শঙ্কিত বলে জানিয়েছেন ডিএসইর সভাপতি।বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসইর সহসভাপতি আহসানুল ইসলাম, পরিচালক সালমান এফ রহমান, দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্রোকারেজ হাউসগুলোর প্রধান নির্বাহীরাও উপস্থিত ছিলেন।