স্থিতিশীলতা বজায় রাখতে ৩৩ দফা দাবি
পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ৩৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। পরিষদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।স্মারকলিপিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক স্বাক্ষর করেন।স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ারধারণ যথাসময়ে সম্পন্ন করা, এসইসি কর্তৃক নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ পরিচালকদের অপসারণ করে বিনিয়োগকারীদের মধ্য থেকে নতুন পরিচালক নিয়োগ দেওয়া, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আইপিওর কোটা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মার্জিন ঋণ মওকুফ করা, পুঁজিবাজারের কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী কারসাজির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, তদন্ত প্রতিবেদন অনুসারে অমনিবাস সম্পর্কে যে নেতিবাচক অভিমত দেওয়া হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে গ্রাহকদের জন্য পৃথক বিও হিসাব চালু করা, নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে আইপিওতে প্রিমিয়াম না রাখা, প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা নিয়েছে, তা বাজারে ফিরিয়ে আনা, বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের চলতি আইন অনুযায়ী ১০ শতাংশ সীমায় যে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারবে, তা বিনিয়োগে বাধ্যতামূলক করা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে করপোরেট গভর্নেন্স গাইড লাইন ও স্টক এক্সচেঞ্জগুলোকে দ্রুত ডিমিউচ্যুয়ালাইজেশন (বিন্যস্তকরণ) করা।এ ছাড়া আরও যেসব দাবি তুলে ধরা হয়েছে, তা হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আইনত বিনিয়োগ পরিমাণ বৃদ্ধি করা, মিউচুয়াল ফান্ডগুলোর সঞ্চিত অর্থের ৮০ শতাংশ বিনিয়োগে বাধ্য করা, মার্চেন্ট ব্যাংকগুলোর ১০০ শতাংশ বিনিয়োগ নিশ্চিত করা, লাইফ ও নন লাফ বিমা কোম্পানিগুলোর অলস অর্থের ৪০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা, ইনসাইডার ট্রেডিং বন্ধ করা, আইপিওতে কোনো কোম্পানি তালিকাভুক্তির সময় মূল্য আয়ের অনুপাত (পিই) ১০-এর অধিক না হওয়া, বিনিয়োগকারীদের ‘বিনিয়োগ নিরাপত্তা আইন’ দ্রুত বাস্তবায়ন করা, প্রত্যেক ব্রোকারেজ হাউসকে ‘স্ট্র্যাটেজিক ইকোনমি ইনভেস্টমেন্ট’ দ্রুত সময়ের মধ্যে প্রণয়ন ও বাস্তবায়ন করা, কোম্পানি আইন-১৯৯৪ সংশোধন করে তা বাস্তবায়ন করা, বিও হিসাবের বার্ষিক সার্ভিস চার্জ মওকুফ করা, যেসব বিনিয়োগকারীর শেয়ার ফোর্সড সেল করা হয়েছে, তাঁদের শেয়ার পুনরায় ক্রয় করে দেওয়া, বিনিয়োগকারীদের ওপর হয়রানি বন্ধ করা এবং বাজারের ধারাবাহিক পতনের কারণে যেসব বিনিয়োগকারী অসুস্থ হয়েছেন বা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।এদিকে বিনিয়োগকারীরা এসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চাইলে চেয়ারম্যান তাঁদের সঙ্গে দেখা করেননি। পরে পুলিশের সহায়তায় চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর কাছে স্মারকলিপি জমা দেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা।