স্থিতিশীলতার দাবিতে ডিএসইর সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে আজ সোমবার আবার বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা সোয়া দুইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত চার দিনের ধারাবাহিকতায় আজ বেলা দুইটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট কমে গেলে সোয়া দুইটার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিনিয়োগকারীরা শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদ জানান এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনারও দাবি জানান। এ সময় তাঁরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে বিকেল তিনটার দিকে বিনিয়োগকারীরা বিক্ষোভ শেষ করেন।এদিকে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করার কিছুক্ষণের মধ্যে উল্টো চিত্র দেখা যায় ডিএসইতে। এ সময় ডিএসইর সাধারণ মূল্যসূচকের তীর নাটকীয়ভাবে নিম্নমুখী প্রবণতা থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে যায়। এমনকি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শেষ হয়। এ ছাড়া বিক্ষোভ চলাকালে এসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন কমিশনের অন্য সদস্যদের নিয়ে ডিএসই পরিদর্শনে আসেন। তিনি ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।বাজার পরিস্থিতি: আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯.০৫ পয়েন্ট বেড়ে ৫৬৯৫.৭৭ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লঙ্কা-বাংলা ফাইন্যান্স, ইউসিবিএল, এনবিএল, বেক্সিমকো, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, সিটি ব্যাংক, বিএসআরএম স্টিল ও পূবালী ব্যাংক।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ২৮.১৬ পয়েন্ট কমে ১৫৭৯৫.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাত বদল হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৪টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।