স্থিতিশীলতার বিকল্প পথ বিদেশি বিনিয়োগ
কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি, ব্যাংক কোম্পানি আইন সংশোধনসহ বেশ কিছু কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগে যেতে পারছেন না। এর ফলে বাজারে আস্থা না ফেরায় দরপতন চলছেই। একই সঙ্গে লেনদেনও কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। আর তাই বাজারে আস্থা ফেরাতে হলে এর বিকল্প পথ খুঁজতে হবে। বাজারে যাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ আসে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ হতে পারে বিকল্প পথ। এমনটি মনে করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান। গতকাল মঙ্গলবার সিএসইর ঢাকা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আল মারুফ খান বলেন, বাজারের বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগে আসতে পারছেন না। আর তাই বিকল্প পথ হিসেবে তিনটি বিষয় উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে বিদেশি বিনিয়োগ বাড়ানো, ইনস্যুরেন্স ফান্ড থেকে বিনিয়োগ ও পেনশন ফান্ডের মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগ।সিইসির সভাপতি জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে এ-সংক্রান্ত নীতিমালা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কেননা নীতিমালা না থাকলে যে কেউ সহজে টাকা তুলে নিয়ে যেতে পারবে। এ ক্ষেত্রে কোন দেশ কী পরিমাণ বিনিয়োগ করতে পারবে, সে বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ থাকবে ওই নীতিমালায়। সিএসইর পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র ও সুযোগ-সুবিধা সম্পর্কে একটি প্রেজেন্টেশন তৈরি করা হচ্ছে।ইউরোপের বিনিয়োগ যাতে বাংলাদেশে আসে, সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানান সিএসইর সভাপতি। তিনি বলেন, ‘আগামী মে-জুন মাসের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ইউরোপে যেতে হবে। কেননা ইউরোপের বাজারের ৩০ বিলিয়ন ডলারের ১০ শতাংশ অর্থাত্ মাত্র তিন বিলিয়ন ডলারও যদি বাংলাদেশে আসে, তা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’এ ছাড়া বাজার নিয়ে আস্থাহীনতা দূর করতে মানুষের মধ্যে যেসব নেতিবাচক ধারণা রয়েছে, তা-ও পাল্টাতে হবে বলে মনে করেন সিএসইর এই নেতা।