স্নাতকোত্তর ডিগ্রি দেবে বিআইডিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতকোত্তর ডিগ্রি দেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। যে তিনটি বিষয়ে এই ডিগ্রি দেওয়া হবে সেগুলো হলো উন্নয়ন অর্থনীতি, রাজস্ব ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা। আগামী অর্থবছর থেকে শিক্ষা কার্যক্রম শুরু করবে বিআইডিএস।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান। গত বুধবার জাতীয় সংসদে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল ২০১৬ পাস হয়। আগের আইনটির সঙ্গে কী পার্থক্য এবং নতুন কী যুক্ত হলো, তা জানাতেই গতকাল শেরেবাংলা নগরে মন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদানে বিআইডিএসকে অধিভুক্ত (অ্যাফিলিয়েশন) করার জন্য শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব পাঠানো হবে। ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রিও দেওয়া হবে। সংসদে পাস হওয়া বিলে এসব সুযোগ রাখা হয়েছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, এখন কীভাবে এসব ডিগ্রি দেওয়া হবে, তা বিধি দিয়ে ঠিক করা হবে। তিনি আরও জানান, ১৯৭৪ সালে প্রথম বিআইডিএস আইন হয়। আর গত বুধবার সংসদে পাস হওয়া আইনটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বিআইডিএসকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। আর বিআইডিএসের ট্রাস্টি বোর্ডের সদস্যসংখ্যা ১৪ থেকে ১৫-তে উন্নীত করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য বিআইডিএসের ট্রাস্টি বোর্ডে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, গবেষণা ও উন্নয়নের জন্য বিআইডিএস যত বাজেট চাইবে, ততই দেওয়া হবে। প্রয়োজনে বিদেশ থেকে গবেষক এনে গবেষণা করানো হবে।
সংবাদ সম্মেলনে বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ বলেন, শিক্ষা কালিকুলাম প্রস্তুত আছে। এখন ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নেবে কীভাবে পাঠ কার্যক্রম চালু করা হবে।