স্পট অ্যাসেসমেন্টে কর আদায় নারায়ণগঞ্জে সাড়া জাগিয়েছে
আয়কর পরিশোধের স্পট অ্যাসেসমেন্ট পদ্ধতি নারায়ণগঞ্জের ক্ষুুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।ব্যবসায়ীরা জানান, তাঁরা হয়রানিমুক্ত পরিবেশে কর দিতে চান। সে অনুযায়ী গত তিন মাসে নারায়ণগঞ্জের চারটি জায়গায় স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচিতে সাড়া দিয়ে প্রায় সাড়ে চার হাজার ব্যবসায়ী নতুন করদাতা হয়েছেন। এতে এক কোটি টাকার কর আদায় হয়েছে।কর কর্মকর্তারা বলেন, স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি অত্যন্ত আশাব্যঞ্জক। কারণ, এটি স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে কর দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এক রকম উদ্দীপনা সৃষ্টি করেছে।এদিকে ব্যবসায়ীরা বলেছেন, তাঁরা হয়রানিমুক্ত পরিবেশে কর দিতে চান।গত তিন মাসে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগর, পাগলা বাজার ও রূপগঞ্জ—এই চারটি জায়গায় স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচির আয়োজন করা হয়।ফতুল্লা বিসিক শিল্পনগর ও চাষাঢ়া জিয়া হলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) নাসিরউদ্দিন এবং রূপগঞ্জ ও পাগলা বাজারে এনবিআরের সদস্য (জরিপ ও পরিদর্শন) শম্ভুনাথ দাস এই কর্মসূচির উদ্বোধন করেন।স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দুই হাজার টাকা কর দিয়ে আট লাখ টাকা ও চার হাজার টাকা কর দিয়ে ১০ লাখ টাকার মূলধন সাদা করার সুযোগ পাচ্ছেন।চাষাঢ়ার জিয়া হলে গতকাল বুধবার শেষ হওয়া তিন দিনব্যাপী স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচিতে সাড়া দিয়ে তিন হাজার ৩০০ জন নতুন করদাতা হন। এর ফলে আয়কর আদায় হয়েছে ৬৪ লাখ ৭৪ হাজার টাকা।