স্পন্সর করলে স্বস্তি নেই
এখন থেকে সামাজিক কর্মকাণ্ড বা অনুষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষকতা বা স্পন্সর করলে তার বিপরীতে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে। স্পন্সর কার্যক্রমকে বাণিজ্যিক বা প্রচারণা কর্মকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে এই মূসক আরোপ করা হয়েছে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে। এ জন্য স্পন্সরশিপ সেবার ওপর সাড়ে ৭ শতাংশ হারে মূসক আরোপ করা হয়েছে। সে ক্ষেত্রে স্পন্সর-সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যে অর্থ ব্যয় করবে, তার ওপর এই মূসক বসবে। স্পন্সর-সেবা বলতে বোঝানো হয়েছে, কোন প্রতিষ্ঠানের সহায়তায় অনুষ্ঠানের নামকরণ, কোন অনুষ্ঠানে কোন প্রতিষ্ঠানের লোগো বা বাণিজ্যিক নাম ব্যবহার বা এই ধরনের বিশেষ অগ্রাধিকার দেওয়া। এ ছাড়া কোনো প্রতিযোগিতার জন্য ট্রফি বা পুরস্কার প্রদানকেও স্পন্সর-সেবা বোঝানো হয়েছে। তবে যেকোনো ক্রীড়া অনুষ্ঠান এবং জাতীয় ক্রীড়া দলকে স্পন্সর করলে এই মূসক দিতে হবে না। আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কাউকে আর্থিক বা অন্য সহায়তার মতো অনুদান বা উপহার প্রদান করে, তাহলে তা এই মূসকের আওতায় পড়বে না। তবে শর্ত থাকবে যে অনুদানকারী এর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করতে পারবে না।