সাফটার সংবেদনশীল পণ্যের তালিকা হ্রাসসংক্রান্ত কার্যদলের বৈঠকে সিদ্ধান্ত
স্পর্শকাতর পণ্যের তালিকা আরও কমানোর উদ্যোগ
তৃতীয় দফায় সংবেদনশীল পণ্যের তালিকা হ্রাস করতে রাজি হয়েছে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চলভুক্ত (সাফটা) দেশগুলো। সে অনুযায়ী বর্তমান সংবেদনশীল পণ্যের তালিকা কমপক্ষে ৩০ শতাংশ কমাতে হবে। তবে ভারতকে এই দফায় সংবেদনশীল পণ্যের তালিকা কমাতে হবে না। কেননা ভারত ইতিমধ্যে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য সংবেদনশীল পণ্যের তালিকা ২৫-এ নামিয়ে এনেছে। আর তৃতীয় দফায় সংবেদনশীল পণ্যের তালিকা কমাতে সাফটার সদস্যদেশগুলোর প্রতিনিধি নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে। এই কমিটি নতুন তালিকা তৈরির কাঠামো ও প্রক্রিয়াগত দিকগুলো ঠিক করবে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে গত ১৮ জুন অনুষ্ঠিত সাফটার আওতায় সংবেদনশীল পণ্যের তালিকা হ্রাসসংক্রান্ত কার্যদলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশসহ সাফটাভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন সরকার দিনব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দ্বিতীয় দফায় চূড়ান্ত করা সংবেদনশীল পণ্যের তালিকা বাস্তবায়ন করার তাগিদ দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন সরকার গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এই অঞ্চলে বাণিজ্য সহযোগিতা বাড়াতে তৃতীয় দফায় স্পর্শকাতর পণ্যের তালিকা হ্রাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা তৈরির জন্য একটি কাঠমো ও প্রক্রিয়াগত দিকগুলো বা মডালিটিজ নির্ধারণ করা রয়েছে। জানা গেছে, এই অঞ্চলে বেশি বাণিজ্য হয়—এমন পণ্যগুলোই তৃতীয় দফার সংবেদনশীল পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া সাফটার আওতায় স্পর্শকাতর পণ্যের তালিকা হ্রাস এই অঞ্চলের ব্যবসায়ীদের ব্যবসা ও বিনিয়োগে উৎসাহিত করবে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়। তৃতীয় দফায় সংবেদনশীল পণ্যের তালিকা হ্রাস করা প্রসঙ্গে বৈঠকে বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে অন্যতম হলো—কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষিসহ বেশ কিছু খাতের পণ্য সংবেদনশীল পণ্যের তালিকার বাইরে রাখা; প্রতিটি দেশ তাদের বাণিজ্য স্বার্থরক্ষায় একটি প্রস্তাবিত তালিকা দেবে, যা থেকে একটি নির্দিষ্ট অনুপাতে পণ্য অন্তর্ভুক্ত করে দেশগুলো তাদের স্ব স্ব সংবেদনশীল পণ্যের তালিকা তৈরি করবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণও এই তালিকা তৈরি করতে বিবেচনায় রাখার সুপারিশ করা হয়।বৈঠকে ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও ভুটানের প্রতিনিধিরা ২০২০ সালের মধ্যে সব পণ্যের শুল্ক হ্রাস করে শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে নির্ধারণ এবং ১০০টির মতো পণ্য সংবেদনশীল পণ্যের তালিকায় রাখার প্রস্তাব দেন। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সদস্যদেশগুলোর বিশেষ অনুরোধ ব্যতীত ভুটান ও মালদ্বীপের জন্য তৃতীয় দফায় সংবেদনশীল পণ্যের তালিকা তৈরিতে বাধ্যবাধকতা নেই। এ ছাড়া বৈঠকে সাফটাভুক্ত দেশগুলোর দ্বিতীয় দফা সংবেদনশীল পণ্যের তালিকা পর্যালোচনা করা হয়। বৈঠকে দ্রুত এই তালিকা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, ভুটান ও মালদ্বীপ ইতিমধ্যে তাদের দ্বিতীয় দফার সংবেদনশীল পণ্যের তালিকা সার্ক সচিবালয়ে জমা দিয়েছে। শ্রীলঙ্কার পূর্ণ সংবেদনশীল পণ্যের তালিকা আর নন-এলডিসির জন্য ভারতের সংবেদনশীল পণ্যের তালিকা এখনো পাওয়া যায়নি। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সব সদস্যদেশের দ্বিতীয় দফার তালিকা সার্ক সচিবালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে এই কার্যদলের দ্বিতীয় বৈঠক কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। বর্তমান স্পর্শকাতর পণ্যের সংখ্যা: আফগানিস্তান ৮৫০, বাংলাদেশ ৯৮৭ (এলডিসি) ও ৯৯৩ (নন-এলডিসি), ভুটান ১৫০, ভারত ২৫ (এলডিসি) ও ৬৯৫ (নন-এলডিসি), মালদ্বীপ ১৫২, নেপাল ৯৯৮ (এলডিসি) ও ১০৩৬ (নন-এলডিসি), পাকিস্তান ৯৩৬, শ্রীলঙ্কা ৮৪৫ (এলডিসি) ও ৯০৬ (নন-এলডিসি)। যদিও ভারত ও শ্রীলঙ্কা এখনো তাদের তালিকা আনুষ্ঠানিকভাবে সার্ক সচিবালয়কে জানায়নি।