স্পর্শকাতর শেয়ারবাজারে গ্রামীণ ক্ষুদ্র বিনিয়োগ আনার পরামর্শ ছিল
শেয়ারবাজারের মতো স্পর্শকাতর বিনিয়োগে গ্রামাঞ্চলের তুলনামূলক কম শিক্ষিতদেরও উৎসাহিত করার পরিকল্পনা হয়েছিল ২০০৯ সালের প্রথমার্ধে। বলা হয়েছিল, গ্রামের ক্ষুদ্র বিনিয়োগকারীদেরও শেয়ারবাজারে আগ্রহী করে তুলতে হবে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উদ্দেশে এমন সুপারিশ করে। ২০০৯ সালের ১ এপ্রিল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসইসির জন্য মোট ১৭টি সুপারিশ করে সরকারি প্রতিষ্ঠান কমিটি। এর মধ্যে অন্যতম সুপারিশ ছিল, ‘নিত্য নতুনতর সিকিউরিটিজ প্রবর্তনের মাধ্যমে বিনিয়োগ, বিশেষত ক্ষুদ্র গ্রামীণ বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে হবে।’সুপারিশ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে ব্রোকার হাউসের অনেক শাখা খোলার অনুমতি দেয় এসইসি, এর ফলে গ্রামাঞ্চলের ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাপক সংখ্যায় জড়িয়ে পড়ে শেয়ার ব্যবসায়। ২০১০ সালের শেষ দিকে শেয়ারবাজারে ধস শুরু হয়। বাজারের নিম্নগতি ঠেকাতে কয়েক দিনের জন্য লেনদেন বন্ধ রাখতে হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠন করা হয় পুঁজিবাজার বিষয়ে তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বাজারের উল্লম্ফনের জন্য অন্য অনেক কারণের মধ্যে গ্রামাঞ্চলে ব্রোকার হাউসের শাখা খোলাকেও দায়ী করা হয়। সরকারি প্রতিষ্ঠান কমিটির অন্য সুপারিশগুলো ছিল—বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়ানো, লেনদেনের মূল্য দ্রুত নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং করপোরেশন প্রতিষ্ঠা, তদারকি-ব্যবস্থা জোরদার করা, সুবিধাভোগী ব্যবসা (ইনসাইডার ট্রেডিং) বন্ধ করা, উচ্চ বেতনের বিনিময়ে দক্ষ ও অভিজ্ঞ পরামর্শক নিয়োগ, কোম্পানির ওপর যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি), এসইসির দ্বৈত তদারকি দূর করা প্রভৃতি। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে গত ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এসব বিষয়ে অগ্রগতির চিত্র তুলে ধরে এসইসি। কিন্তু সব বিষয়ে অগ্রগতির কথা জানালেও সংস্থাটি গ্রামীণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাজারের প্রতি আগ্রহী করে তোলার বিষয়টি এড়িয়ে যায়। এ বিষয়ে সংস্থাটি কমিটিকে জানায়, ‘শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এসইসি, স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকগুলো শিক্ষামূলক কার্যক্রম নিয়েছে এবং দিন দিন তা জোরদার করছে।’২০ সেপ্টেম্বর কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেন কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খালেদুর রহমান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, বজলুল হক হারুন, আমিনা আহমেদ, এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান প্রমুখ। বৈঠকের কার্যপত্রে সুবিধাভোগী ব্যবসা বন্ধের ব্যাপারে এসইসি বলেছে, টেলিফোনিক কথোপকথন রেকর্ড এবং ব্যাংক হিসাব তদন্ত করার ক্ষমতা না থাকায় এ বিষয়ে কমিশনের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে।কোম্পানিতে সুশাসন নিশ্চিত করার ব্যাপারে আরজেএসসি ও এসইসি, কেউই যথাযথ দায়িত্ব পালন করছে না বলে উল্লেখ করেছে এসইসি। এসইসি বলেছে, কোম্পানি আইন অনুযায়ী কোম্পানিতে সুশাসন নিশ্চিত করার দায়িত্ব আরজেএসসির। কিন্তু তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আরজেএসসির পাশাপাশি এসইসিও এই দায়িত্ব পালন করে। এই দ্বৈত তদারকিতে অনেক সময় সংশয় ও দীর্ঘসূত্রতা তৈরি হয়। এসইসি মনে করে, কোম্পানিগুলো একক নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনা হলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে।সূত্র জানায়, বৈঠকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পুঁজিবাজারের সঙ্গে দেশীয় বাজারের তুলনামূলক চিত্র তুলে ধরেন এসইসির চেয়ারম্যান। ২০১১ সালের আগস্ট পর্যন্ত দেশের পুঁজিবাজারের মূল্য আয় অনুপাত (পিই) হয়েছে ১৬ দশমিক ৭০। একই সময়ে পাকিস্তানের তা ৮, শ্রীলঙ্কার ১৯ দশমিক ৯২ এবং জুলাই পর্যন্ত ভারতের ২০ দশমিক ০১। বৈঠকে বলা হয়, ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত বাজারের সব নির্দেশক সূচক অতিমাত্রায় নিম্নমুখী থাকলেও বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। পুঁজিবাজার নিয়ে এসইসির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উপস্থাপন করা হয় বৈঠকে। এগুলো হচ্ছে—১৯৬৯ সালের এসইসি অধ্যাদেশ, ১৯৯৩ সালের এসইসি আইন, ১৯৯৪ সালের কোম্পানি আইন, ২০০১ সালের এসইসি মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০০৬ সালের এসইসি পাবলিক ইস্যু বিধিমালা ও বুক বিল্ডিং পদ্ধতি সংশোধন করা। এ ছাড়া ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়ন ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা জরুরি বলে বৈঠকে এসইসির পক্ষ থেকে প্রস্তাব তোলা হয়। যোগাযোগ করলে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আলোকে বলেন, বৈঠকে উপস্থিত সবাই পুঁজিবাজারের টেকসই উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। তবে তিনি মনে করেন, এসইসির প্রস্তাবগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হলে বাজারের টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।