স্পেনের অর্থনীতি সম্পর্কে উদ্বেগজনক তথ্য প্রকাশ এবং গ্রিসে ট্রেড ইউনিয়ন সাধারণ ধর্মঘট ডাকার কারণে গতকাল বুধবার ইউরোপের বিভিন্ন দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে।ব্যাংক অব স্পেন এক প্রতিবেদনে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্পেনের অর্থনীতিতে উল্লেখযোগ্য হারে সংকোচনের প্রবণতা অব্যাহত রয়েছে, এমন তথ্য প্রকাশ করার পরিস্থিতিতে ইউরোপের শেয়ারবাজারগুলোতে দরপতন ঘটে।স্পেনের আইবেক্স সূচক ৩ শতাংশ পড়ে গেছে। ইউরোপের অন্য শেয়ারবাজারগুলোর মধ্যে গতকাল লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ২৬ শতাংশ, জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক ড্যাক্স সূচক ১ দশমিক ৮০ শতাংশ, ফ্রান্সের প্যারিসের সিএসি ৪০ সূচক ২ দশমিক ২৮ শতাংশ কমেছে।স্পেনের অর্থনীতি বর্তমানে প্রবল মন্দায় নিমজ্জিত রয়েছে। দেশটিতে ১৯৭০ সালের পর এবারই সর্বোচ্চ বেকারত্ব চলছে। অর্থনীতির মন্দার কবলে থাকায় স্পেনে দিনে দিনে ঋণের সুদের হার বাড়ছে।মন্দার কবলে পড়া আরেক ইউরোপীয় দেশ গ্রিসে সরকারের নেওয়া কৃচ্ছ্রসাধন পদক্ষেপের প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন দিনব্যাপী সাধারণ ধর্মঘট পালন করেছে। সে অনুযায়ী দেশটির পার্লামেন্টের সামনে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জড়ো হয়েছে।আর্থিক পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী তহবিল পাওয়ার পূর্বশর্ত হিসেবে গ্রিস সরকারকে কৃচ্ছ্রসাধনের নতুন পদক্ষেপ হাতে নিতে হয়েছে। আর এই পুনরুদ্ধার তহবিল না নিলে কয়েক সপ্তাহের মধ্যেই গ্রিসের অর্থনীতি দেউলিয়া হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।স্পেনের অর্থমন্ত্রী লুইস ডি গাইন্ডোস গত শনিবার জানান, অর্থনীতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শূন্য দশমিক ৪ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন তিনি।ব্যাংক অব স্পেনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি বছরের তৃতীয় প্রান্তিকের যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে দেখা গেছে যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) উল্লেখযোগ্য হারে কমছে। অর্থনীতি নিয়ে অত্যধিক দুশ্চিন্তার পরিস্থিতিতে এমনটি হয়েছে।’অর্থনীতিতে ঘাটতি কমাতে স্পেন সরকার এরই মধ্যে ব্যয় সংকোচন ও কর বাড়ানোর মতো অজনপ্রিয় পদক্ষেপ হাতে নিয়েছে। যে কারণে দেশটির রাজধানী মাদ্রিদে পার্লামেন্টের বাইরে মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রতিবাদকারীদের নিবৃত্ত করতে একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছোড়ে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে এক ডজনেরও বেশি লোক আহত এবং কমপক্ষে ২০ জন গ্রেপ্তার হয়।স্পেন সরকার আজ বৃহস্পতিবার একটি জরুরি বাজেট ও কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। বিবিসি অবলম্বনে।এদিকে জার্মানি, নেদারল্যান্ড ও ফিনল্যান্ড ইউরোপীয় স্থিতিশীলতা কৌশলের (ইএসএম), ইউরো অঞ্চলের স্থায়ী আর্থিক পুনরুদ্ধার তহবিল, সংকটকবলিত ব্যাংকগুলোকে পুনরায় মূলধনের জোগান দেওয়ার বিষয়ে গত মঙ্গলবার কিছু শর্ত আরোপ করে একটি বিবৃতি দিয়েছে। কিন্তু এ বিবৃতি গত জুন মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের নেওয়া সিদ্ধান্তের পরিপন্থী হবে বলে মনে করা হচ্ছে।