স্পেন থেকে প্রবাসী আয় আনার উদ্যোগ এনসিসি ব্যাংকের
স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দ্রুত ও সহজে দেশে প্রাপকের হাতে পৌঁছানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক লিমিটেড স্পেনের এনইসি মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে।এই চুক্তির ফলে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এনইসি মানি ট্রান্সফারের মাধ্যমে দেশে এনসিসি ব্যাংক ও টিএমএসএসের যেকোনো শাখায় তাঁদের আত্মীয়স্বজন ও প্রিয়জনদের কাছে রেমিট্যান্স বা প্রবাসী-আয় পাঠাতে পারবেন।ঢাকায় এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে গত রোববার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন এবং এনইসি মানি ট্রান্সফারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইকরাম ফরাজী (আলমগীর) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পীযূষ কান্তি সাহা এবং এনইসি মানি ট্রান্সফারের পরিচালক আনোয়ার ফরাজী (ইমন) ও মো. মনির ফরাজী (হিমেল) উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।