স্পেনে বেকারত্ব কমেছে, জার্মানিতে অপরিবর্তিত আছে
ইউরোপের প্রবল মন্দাকবলিত দেশ স্পেনে সদ্য বিদায়ী ডিসেম্বরে বেকারত্বের হার হ্রাস পেয়েছে। এ মাসে দেশটিতে আগের মাসের চেয়ে বেকারত্ব কমেছে ৪১ হাজার বা শূন্য দশমিক ৮ শতাংশ।অন্যদিকে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে একই মাসে বেকারত্বের হার ৬ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত ছিল। এ দেশে বর্তমানে নিবন্ধিত বেকারের মোট সংখ্যা ২৯ লাখ ৪০ হাজার। দেশটির শ্রম সংস্থা এ তথ্য জানায়।গত বছরের জুলাইয়ের পরে ডিসেম্বরেই প্রথম স্পেনে রেজিস্টার্ড বা নিবন্ধিত বেকারের সংখ্যা কমল। বর্তমানে দেশটিতে ৪৮ লাখ ৫০ হাজার মানুষ বেকার রয়েছে। স্পেনের শ্রম মন্ত্রণালয় এ উপাত্ত প্রকাশ করেছে। খবর বিবিসির।তবে মাসিক পরিসংখ্যানটি বাদ দিলে দেখা যায়, সার্বিকভাবে ২০১২ সাল স্পেনে মোট বেকারের সংখ্যা আগের বছরের অর্থাৎ ২০১১ সালের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদ গিলস মোয়েক বলেন, স্পেনে এখনো ভয়াবহ বেকারত্ব চলছে। আর এই অবস্থাকে তিনি উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন। তবে তিনি এ কথাও বলেছেন, স্পেন ইতিমধ্যে কিছু উন্নতি করেছে, যা দেশটির অর্থনীতিকে শক্তিশালী করবে।গিলস মোয়েক আরও বলেন, উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে স্পেনের করপোরেট খাত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এ ছাড়া প্রতিযোগিতাশীলতা ও রপ্তানি খাতে উন্নতি ঘটেছে। এতে বেকারত্ব কমবে বলে আশা করা যায়। আর্থিক সংকটের কারণে তিন বছর ধরে ইউরো-অঞ্চলে বেকারত্ব তীব্র আকার ধারণ করেছে। সংকট মোকাবিলায় রাজস্ব খাতে কৃচ্ছ্র পদক্ষেপ নেওয়ায় গ্রিস, স্পেন, পর্তুগালসহ কয়েকটি দেশে রাষ্ট্রীয় ব্যয় কমাতে হয়েছে, যা নেতিবাচক প্রভাব ফেলছে কর্মসংস্থানের ওপর। এর প্রতিবাদে এসব দেশের জনগণ রাস্তায় নেমে নিয়মিত প্রতিবাদ জানাচ্ছে, নানা ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে।