খেলাধুলার সঙ্গে রাজনীতিকে জড়ানো ঠিক না, এটা সবাই মানেন। কিন্তু অর্থনীতিকে কিছুতেই এর বাইরে রাখা যাচ্ছে না। বিশেষ করে, মাত্রই শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলকে তো অর্থনীতি থেকে আলাদাই করা যাচ্ছে না। বিশ্বকাপের শুরু থেকেই ফুটবলের অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে, ফাইনালের দুই দল ঠিক হয়ে যাওয়ার পর আলোচনা আরও জোরালো হয়। ফুটবল, মার্কিনরা যাকে বলে সকার। তার সঙ্গে আছে অর্থনীতি বা ইকোনমিকস। আর এই দুই-এ মিলে এখন অন্যতম আলোচনার বিষয় ‘সকারনোমিকস’। কেননা, অর্থনীতিবিদেরা বিশ্বাস করেন, ফুটবলের একটি বড় ধরনের অর্থনৈতিক প্রভাব রয়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বকাপ ফুটবলের প্রভাব পড়ে সামষ্টিক অর্থনীতিতে, শেয়ারবাজারে, আর্থিক বাজারে। এমন নয় যে, এই ফুটবল বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়। তবে কিছু প্রভাব যে পড়ে তাতে কারও সন্দেহ নেই। নেদারল্যান্ডভিত্তিক ব্যাংক এবিএন-আমরো মনে করে, যারা চ্যাম্পিয়ন হয় তাদের অর্থনীতি তুলনামূলকভাবে দ্রুতগতিতে এগোয় রানার্সআপ দেশটির তুলনায়। যেমন, বিজয়ী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে দশমিক ৭ শতাংশ হারে বাড়ে আর পরাজিত দেশের প্রবৃদ্ধি কমে আগের বছরের তুলনায় দশমিক ৩ শতাংশ হারে। ১৯৭০ সালের পর থেকে এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে মাত্র দুবার। যেমন, ১৯৭৪ সালে জার্মানি এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনা জিতলেও তাদের অর্থনীতি হয়ে পড়ে নিম্নমুখী। এর মধ্যে আর্জেন্টিনায় তো দেখা দেয় বড় ধরনের মন্দা। দুবারই রানার্সআপ ছিল নেদারল্যান্ডস। তারাও ছিল ভুক্তভোগী, তবে বিজয়ী দলের তুলনায় কম। যদিও ১৯৮৮ সালে ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার পর নেদারল্যান্ডসের আমস্টারডাম স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছিল ২৯ শতাংশ। অতীতে দেখা গেছে, বিজয়ী দেশের শেয়ারবাজারের উত্থান ঘটে গড়ে ১০ শতাংশ হারে আর পরাজিতদের কমে ২৫ শতাংশ। যদিও অর্থনীতিবিদেরা মনে করেন, পুরোটাই মনস্তাত্ত্বিক একটি বিষয়। এবিএন-আমরোর ভাষায় ‘ফিল গুড ফ্যাক্টর’। বিজয়ী দেশের ভোক্তারা খুশি থাকে, বেশি ব্যয় করে, পানশালা আর সুপার মার্কেটগুলোতে ভিড় বাড়ে, বিভিন্ন ধরনের স্যুভেনির ব্যবসা জমে ওঠে, প্রচুর ডিভিডি বিক্রি হয়। আস্থাবান ভোক্তাদের কারণে বেচা-বিক্রি বাড়ে সব খাতেই। আর এর প্রভাব পড়ে অর্থনীতিতে।অর্থনীতিবিদদের পছন্দ ইউরোপ: সকারনোমিকসের বরাবরের পছন্দই ইউরোপের কোনো দেশ। অর্থনীতিবিদদের দেওয়া তত্ত্ব অনুযায়ী, ইউরোপের কোনো একটি দেশ বিশ্বকাপ জিতলেই এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। কারণ, যুক্তরাষ্ট্র জিতলে বিশ্ব অর্থনীতির বৈষম্য আরও প্রকট হবে। এশিয়ার বিজয় অর্থনীতিকে অতিরিক্ত উত্তপ্ত করে তুলবে, ল্যাটিন আমেরিকার কোনো দেশ জিতলে ভালো বা খারাপ কোনোটাই হবে না। একমাত্র ইউরোপের কোনো দেশের বিজয় হবে অর্থনীতির জন্য সবচেয়ে ভালো। কারণ অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো গেলে ইউরোপ বড় ধরনের লাভবান হবে এবং এতে অন্যান্য রপ্তানিকারক দেশও উপকৃত হবে। ইউরোপে যদি চাহিদা বাড়ে, তাহলে এশিয়ার রপ্তানি ইউরোপে বেশি হবে এবং তাতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা কিছু কমবে এবং তাদের চলতি আয়ের ঘাটতিও ক্রমশ কমে আসবে।স্পেনের অর্থনীতি: বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন স্পেনের অর্থনীতি নেদারল্যান্ডের তুলনায় বড়। বিশ্বে অষ্টম বৃহৎ অর্থনীতির দেশ স্পেন। তবে বিশ্ব অর্থনীতির মন্দার পর বড় ধরনের অর্থনৈতিক সংকটে ভুগছে দেশটি। স্পেনের বেকারত্বের হার ২০ শতাংশ, যা ইউরোপে সর্বোচ্চ। অর্থাৎ স্পেনে প্রতি পাঁচজনের একজনের কাজ নেই। দেশটির জনসংখ্যা চার কোটি পাঁচ লাখ। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে ওয়ালস্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বকাপ বিজয় হয়তো স্পেনকে অর্থনীতির মন্দা থেকে টেনে তুলতে সাহায্য করবে। অর্থনীতিবিদেরা মনে করছেন, এই বিজয় স্পেনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়াবে। তা ছাড়া বিশ্বে স্পেনের ‘ব্র্যান্ড ভ্যালু’ বাড়বে, বিনিয়োগকারীরা আরও বেশি আগ্রহী হবে। কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। স্পেনের স্টক মার্কেট ইউরোপের সবচেয়ে খারাপ বাজারের একটিতে পরিণত হয়েছে। গ্রিসের পরই এর অবস্থান। স্পেনের আইবিইএক্স-৩৫ সূচকের অব্যাহত পতন ঘটছিলই। তবে পরিস্থিতি পাল্টাতে থাকে স্পেনের জয়ের পর থেকেই। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে হারানোর পর এই সূচক গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয় এবং সেমিফাইনালে জার্মানিকে হারানোর পর সূচক প্রথমবারের মতো ১০ হাজার অতিক্রম করে। স্পেন জিততে থাকায়, দেশটিতে পিৎজা বিক্রি বেড়েছে।খেলা সম্প্রচারের দায়িত্ব পেয়েছিল টেলেসিনকো। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়ে গেছে সাড়ে পাঁচ শতাংশ। বিয়ার বিক্রি বেড়েছে, এয়ারলাইনসগুলোতে যাত্রী পরিবহনও বেড়েছে। এর সবকিছুই প্রভাব ফেলছে অর্থনীতিতে। মনে করা হচ্ছে, সামনের দিনগুলোতে স্পেনবাসীর আরও বেশি অর্থ ব্যয় হবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। লাভবান ফিফাও: অর্থনীতিবিদেরা অবশ্য মনে করেন, বিজয়ী দেশের তুলনায় বিশ্বকাপ থেকে বেশি লাভবান হয় ফিফা এবং স্বাগতিক দেশ। বিশ্বকাপ আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকা ৪৩০ কোটি ডলার বিনিয়োগ করেছিল, যা দেশটির জিডিপির ১ দশমিক ৭ শতাংশ। আয়োজন হওয়ার সময় অর্থাৎ ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকা বিনিয়োগের যে হিসাব দিয়েছিল, তা থেকে ব্যয় বেড়েছে ১০ গুণ। বিনিয়োগ থেকে কত অর্থ তুলে আনা যাবে সে হিসাব আরও পরে পাওয়া যাবে। তবে এর ফলে দক্ষিণ আফ্রিকায় বিদেশি বিনিয়োগ বাড়বে বলেই আশা করা হচ্ছে। আর এই আয়োজন থেকে ফিফা টিভি স্বত্ব ও স্পন্সরশিপ থেকেই আয় করেছে ৩০০ কোটি ডলারের বেশি অর্থ। সর্বশেষ পাওয়া তথ্যটা দেওয়া যেতে পারে। অস্ট্রেলিয়া ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। এ জন্য তারা তিন হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। সুতরাং বলা যায়, সামনের দিনগুলোতে সকারনোমিকস বেশ জোরেশোরেই আসছে।