স্বচ্ছ ধারণা নিয়ে সংবাদ প্রকাশের পরামর্শ গভর্নরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক ও ব্যাংকিং খাতের কিছু বিষয় বেশ জটিল। ক্ষেত্রবিশেষে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমও রক্ষণশীল। ফলে এ নিয়ে সংবাদ প্রকাশে অনেক ক্ষেত্রে সংবাদকর্মীদের সমস্যায় পড়তে হয়।
আবার ভিন্নভাবে অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপনের কারণে জনমনে বিভ্রান্তিরও সৃষ্টি হয়। এ কারণে স্বচ্ছ ধারণা ও অধিক যাচাই-বাছাই করে অর্থনীতির সংবাদ প্রকাশের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
গভর্নর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনীতিবিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফের সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল প্রথম দিনের কর্মশালায় ‘মুদ্রানীতি, মুদ্রাবাজার ও লেনদেনের ভারসাম্য’ শীর্ষক অধিবেশনে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল প্রশিক্ষণ দেন। আর আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে অপর অধিবেশনের প্রশিক্ষক ছিলেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের উপমহাব্যবস্থাপক আশ্রাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দল-মতনির্বিশেষে এখানে সবাই সেবা নিতে পারেন। কোনো সেবা দেওয়ার আগে বলা হয় না আপনি কোন দল করেন। আবার ব্যাংকে কেউ টাকা তুলতে গেলেও তাঁর দলীয় পরিচয় জানতে চাওয়া হয় না। এ ধরনের প্রতিষ্ঠান শক্তিশালী হওয়া মানে দেশের ভিত মজবুত হওয়া। ফলে কেন্দ্রীয় ব্যাংক কোনো সিদ্ধান্ত নিলে তাৎক্ষণিকভাবে তা নিয়ে বিরূপ মন্তব্য না করে সুচিন্তিত মতামত উপস্থাপন করতে হবে।