স্বচ্ছতা এসেছে, সাফল্য মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যসমাপ্ত বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) বৈঠককে সফল মনে করছেন দেশের অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলছেন, স্বচ্ছভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উন্নয়ন-সহযোগীরা উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বার্তা সংস্থা ইউএনবি দেশের অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে এ খবর পরিবেশন করেছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, বিডিএফ স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। এবারের বৈঠকে সুশীল সমাজ ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা এবং তাদের বিভিন্ন কার্য-অধিবেশনে কথা বলার সুযোগ দেওয়ার মাধ্যমে বিডিএফ বৈঠকে স্বচ্ছতা প্রতিষ্ঠা পেয়েছে বলে মনে করেন তিনি।কাজী খলীকুজ্জমান বলেন, অর্থসাহায্যের জন্য দরকষাকষি না করে সরকার বরং বিভিন্ন খাতে কী করতে যাচ্ছে ও ভবিষ্যত্ পরিকল্পনা কী—সেসব উন্নয়ন-সহযোগীদের কাছে তুলে ধরেছে। উন্নয়ন-সহযোগীরা কৃষি ও পল্লি অবকাঠামোকে গুরুত্ব দিয়ে সংশোধিত পিআরএসপি (দারিদ্র্য হ্রাসের কৌশলপত্র) এবং পরবর্তী সময়ে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণের বিষয় অনুমোদন করেছে, তা এ বৈঠকের অন্যতম সাফল্য বলে মনে করেন তিনি।খলীকুজ্জমান আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও দুর্নীতি দমনের মতো বিষয়গুলো বৈঠকে আলোচিত হলেও এগুলো দেশের ভেতর থেকেও বলা হচ্ছে। সুতরাং সরকারকে এসব ক্ষেত্রে জোরালোভাবে কাজ করতে হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী মনে করেন,বিভিন্ন বিবেচনায় এই ফোরাম সফল হয়েছে। তবে মোস্তফা কে মুজেরী বলেন, ‘যেসব ক্ষেত্রে আমাদের দুর্বলতা চিহ্নিত হয়েছে, সেসব ক্ষেত্রে আমাদের কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যদিকে উন্নয়ন-সহযোগীদেরও এসব ক্ষেত্রে সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে।’মুজেরী প্রকল্প বাস্তবায়নে সরকারের দক্ষতা বৃদ্ধি, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে উন্নয়ন-সহযোগীদের দৃষ্টিভঙ্গি সমর্থন করেন। বিআইডিএসের মহাপরিচালক আরও বলেন, এবার ব্যক্তি খাত থেকে উল্লেখযোগ্য পরিমাণে প্রতিনিধিকে সম্পৃক্ত করায় বিডিএফ নতুন মাত্রা পেয়েছে।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান মনে করেন, সার্বিকভাবে বিডিএফ বৈঠক ভালো হয়েছে এবং ইতিবাচক বার্তা নিয়ে সম্পন্ন হয়েছে।মোস্তাফিজুর রহমান বলেন, সরকার এবার ভিন্নভাবে তাদের অবস্থান তুলে ধরেছে, অন্যদিকে উন্নয়ন-সহযোগীরাও অধিকতর গঠনমূলক ভূমিকা নিয়েছে। সরকার ও উন্নয়ন-সহযোগীদের মধ্যে সমতামূলক অংশীদারিকে এবারের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেন মোস্তাফিজুর রহমান। উদাহরণ হিসেবে তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ডিএফআইডিএর আবাসিক প্রতিনিধি ক্রিস অস্টিন যুগ্মভাবে সভাপতিত্ব করেছেন।মোস্তাফিজুর রহমানের মতে, আগের মতো দাতাদের কর্তৃত্বপূর্ণ আচরণ এবার দেখা যায়নি। সরকারের প্রস্তুতিও অনেক ভালো ছিল।সিপিডির নির্বাহী পরিচালক অবশ্য বলেন, বিডিএফের আগেই সরকার দলিলগুলো নিয়ে দেশের ভেতর নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করলে তা অধিকতর স্বচ্ছতার পরিচায়ক হতো।দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার তাগিদ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, এটা শুধু উন্নয়ন-সহযোগী বা সরকারের উদ্বেগের বিষয় নয়, এটা বাংলাদেশের মানুষেরও উদ্বেগের বিষয়।