স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন ডিমিউচুয়ালাইজেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্বল্পতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জগুলোতে ডিমিউচুয়ালাইজেশন বা মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক করে ফেলা প্রয়োজন। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ক্ষমতা ও দক্ষতা আরও বাড়াতে হবে। বর্তমানে একজন সদস্য একসঙ্গে স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসেবে কাজ করছেন। আবার একই সঙ্গে ওই ব্যক্তি স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনার দায়িত্বও পালন করছেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে বাজারে প্রভাব ফেলার সুযোগ থেকে যায়। তাই ডিমিউচুয়ালাইজেশন হলে বাজারে কারসাজি কমে যাবে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আয়োজিত ‘ডিমিউচুয়ালাইজেশন অব স্টক এক্সচেঞ্জেস: র্যাশনাল, কান্ট্রি প্র্যাকটিসেস অ্যান্ড রোড ম্যাপ ফর বাংলাদেশ’ শীর্ষক সদস্য সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএবি) এ সদস্য সম্মেলন আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মাদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য আরিফ খান এবং প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান। আইসিএবির কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি এ এস এম নাঈম সেশন চেয়ারম্যান এবং আইসিএবির সাবেক সভাপতি জামালুদ্দিন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।প্রধান অতিথির বক্তব্যে ফরাসউদ্দিন বলেন, কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে স্টক এক্সচেঞ্জে ডিমিউচুয়ালাইজেশন প্রয়োজন। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের সদস্যপদ ‘ওপেন’ হওয়া দরকার। তাঁর মতে, ১৯৬৪ সালে ডিএসইর একটি সদস্যপদের দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা। আর বর্তমানে এই মূল্য দাঁড়িয়েছে ১০০ কোটি টাকার ওপরে।ফরাসউদ্দিন আরও বলেন, কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিত করতে হলে স্বাধীন পরিচালকদের দ্বারা সংশ্লিষ্ট কোম্পানির হিসাব নিরীক্ষা করতে হবে। অন্যথায় ‘ম্যানিপুলেশন’ হওয়ার আশঙ্কা থেকে যায়। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসির চেয়ারম্যানের অবস্থান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমমানের হওয়া উচিত। একই সঙ্গে তাঁর সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে। তবে চেয়ারম্যান যাতে ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করেন, সেদিকে খেয়াল রাখার ওপরও মত দেন তিনি।বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের মতে, কোনো তাড়াহুড়া না করে বরং যৌক্তিক সময় নিয়ে নির্ভুলভাবে দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন করা উচিত।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি মো. সাইফুল ইসলাম এবং ধন্যবাদ বক্তব্য দেন সহসভাপতি আবদুস সালাম।