সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে সচেতন নাগরিকদের নিয়ে কমিটি গঠন করার সুপারিশ করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এ ধরনের কমিটি উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন ক্রয়-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো পরিবীক্ষণ করার বিষয়ে মতামত দেওয়া হয়েছে।
সরকারি ক্রয় সংস্কার প্রকল্প-২-এর অধীনে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের সরকারি ক্রয় পরিবীক্ষণের জন্য একটি খসড়া কাঠামো গতকাল চূড়ান্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত একটি কর্মশালা গতকাল রোববার আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি করার বিষয়ে বিশেষজ্ঞরা মতামত দেন।
বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) কেন্দ্রীয় কেনাকাটা কারিগরি ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন আইএমইডি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক ক্রিস্টিন ই কিমস। এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন আইজিএসের ক্রয় বিশেষজ্ঞ নাসিরুল হক। কর্মশালায় বিভিন্ন খাতের সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন।
প্রস্তাবিত খসড়া কৌশলপত্রে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে জনগণের সরকারি ক্রয়বিষয়ক সচেতনতা বাড়াতে একটি জোরালো প্রচার অভিযান প্রয়োজন রয়েছে। এ ছাড়া সর্বস্তরে, বিশেষ করে উপজেলা পর্যায়ে স্বেচ্ছাব্রতী নাগরিক দল গঠন ও সরকারি ক্রয় কার্যক্রমে সম্পৃক্ত পেশাজীবী ও পরিবীক্ষকদের একটি জাতীয় নেটওয়ার্ক গঠনের প্রস্তাব করা হয়।