স্বচ্ছতা বাড়াতে ডিএসই একগুচ্ছ প্রস্তাব দিয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির পুনঃপ্রাথমিক গণপ্রস্তাব (আরপিও), প্রেফারেন্স শেয়ার ও রাইট শেয়ার ইস্যু, অধিগ্রহণ, একীভূতকরণ প্রক্রিয়াকে আরও বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।যদি এসব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা না হয় তাহলে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে এসব সুবিধা দেওয়ার বিরোধিতা করবে ডিএসই। গতকাল বুধবার পরিচালনা পর্ষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শুভ্রকান্তি চৌধুরী। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল রকিবুর রহমানের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ডিএসইর সভাপতি বলেন, ‘অতীতে আমরা দেখেছি, বাজার যখন ভালো থাকে তখন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আরপিও, রাইট শেয়ার ইস্যুসহ নানা পদ্ধতিতে বাজার থেকে টাকা উত্তোলনের হিড়িক পড়ে যায়। পরবর্তী সময়ে দেখা যায়, বিনিয়োগকারীরা কোম্পানি থেকে আর্থিকভাবে খুব বেশি লাভবান হন না। কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগকারীদের অর্থের সঠিক ও যথাযথ ব্যবহার করে না কোম্পানিগুলো।’রকিবুর রহমান আরও বলেন, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় রাইট শেয়ারের মাধ্যমে বাজার থেকে সংগৃহীত টাকা কোম্পানিগুলো ঋণ পরিশোধে ব্যয় করছে। কিন্তু কখন ও কী জন্য এসব ঋণ নেওয়া হয়েছিল এবং ঋণের টাকা কোম্পানি কী কাজে ব্যবহার করেছে, তার সঠিক কোনো তথ্য কেউ জানে না।ডিএসইর সভাপতি বলেন, ‘রাইট শেয়ার ইস্যু করে বিনিয়োগকারীদের টাকায় ঋণ পরিশোধ করলে কোনো আপত্তি নেই। কিন্তু রাইট শেয়ার ইস্যুর সময় বলতে হবে কখন, কী জন্য ঋণ নিয়েছিলেন আর ওই ঋণের টাকায় কী করেছেন। পাশাপাশি এটিও নিশ্চিত করতে হবে যে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বাড়বে।’তা না হলে ডিএসই রাইট শেয়ারের মাধ্যমে বাজার থেকে সংশ্লিষ্ট কোম্পানির টাকা সংগ্রহের বিরোধিতা করবে বলে জানান ডিএসই।একইভাবে দেখা যায়, তালিকাভুক্ত মূল কোম্পানি অনেক সময় তালিকাভুক্ত নয় এমন অনেক কোম্পানি অধিগ্রহণ ও একীভূত করছে নতুন শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানো হচ্ছে। কিন্তু এর ফলে বিনিয়োগকারীদের কী লাভ হবে তার কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।এই অবস্থায় এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির নতুন শেয়ার ইস্যু করে অন্যান্য কোম্পানি অধিগ্রহণ বা একীভূতকরণ প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান রকিবুর রহমান। তিনি বলেন, যদি তালিকাভুক্ত কোনো কোম্পানি সহযোগী এক বা একাধিক কোম্পানিকে অধিগ্রহণ বা একীভূতকরণ করতে আগ্রহী হয়, তাহলে এই অধিগ্রহণ বা একীভূতকরণের ফলে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়বে বা মূল কোম্পানি আর্থিকভাবে লাভবান হবে এমন নিশ্চয়তা বিধান করতে হবে। পাশাপাশি ছয় মাসের মধ্যে অমনিবাস সমস্যার সমাধানের কথা বলেছেন ডিএসইর সভাপতি। এ জন্য তিনি মার্চেন্ট ব্যাংক ও অমনিবাস হিসাবধারীদের সহযোগিতা চেয়েছেন।