স্বচ্ছভাবে লাইসেন্স নবায়নের অনুরোধ জানিয়েছে রবি
বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তৈরি খসড়া নীতিমালা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মোবাইল অপারেটর রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগের মাধ্যমে লাইসেন্স নবায়ন-প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল রোববার রাজধানীর গুলশানে রবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাইকেল ক্যুনার এসব কথা বলেন। গত বছর চতুর্থ ত্রৈমাসিক হিসাব প্রকাশ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। ক্যুনার বলেন, ‘এই লাইসেন্স নবায়নসংক্রান্ত খসড়া নীতিমালায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে দ্রুত রাজস্ব সংগ্রহের ওপর। অবহেলা করা হয়েছে সামাজিক মূল্য।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, অতিরিক্ত উচ্চ তরঙ্গ মাশুল ও রাজস্বের অসম বণ্টন দেশে বিনিয়োগবিমুখতা সৃষ্টি করবে।’ সংবাদ সম্মেলনে রবির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ জানান, ২০১০ সালের চতুর্থ প্রান্তিকে সর্বোচ্চ আয় হয়েছে ৬৯৩ কোটি ৭০ লাখ টাকা। ২০০৯ থেকে ২০১০ সালের আয় বেড়েছে ৩১ শতাংশ। সুদ-কর-অবচয়পূর্ব আয় (ইবিআইটিডিএ) বেড়েছে ২৫ শতাংশ। গত বছর রবির নেটওয়ার্ক ৯৬ শতাংশ বেড়েছে। একই বছর রবি এক হাজার ২৬৩টি বেস ট্রান্সিভার (বিটিএস) স্টেশন তৈরি করেছে। সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসুসহ রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।