পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব ঠিক করে দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সুযোগে সাবেক কর্মকর্তা, সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কাছের লোক (নিয়ারস অ্যান্ড ডিয়ারস) বা আত্মীয়স্বজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে। এতে করপোরেট সুশাসনই শুধু মার খাচ্ছে না, স্বতন্ত্র পরিচালক নিয়োগের উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে।
অনলাইন বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক ডটকম আয়োজিত তিন দিনব্যাপী পুঁজিবাজার মেলার শেষ দিন গতকাল শনিবার ‘তালিকাভুক্ত কোম্পানির সুশাসন: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে এসেছে।
ঢাকার কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সহসভাপতি মাহমুদুল হাসান খসরু এতে প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোতে শুধু আইনি শর্ত পূরণের জন্য কাছের লোকদের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ কোম্পানির অনেক তথ্যও তাঁদের জানতে দেওয়া হয় না। বিএসইসি বরং একটা পুল তৈরি করে সেখান থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারে।
প্রবন্ধে আরও বলা হয়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের বিদ্যমান পদ্ধতিও সুশাসনের পথে অন্তরায়। এজিএমে একধরনের লোক থাকে যারা ‘এজিএম পার্টি’ বলে পরিচিত। এই পার্টি আসলে ‘ম্যানেজ পার্টি’; যাদের কারণে এজিএমে কোম্পানির সাধারণ শেয়ারধারীরা কথা বলার সুযোগ পান না।
সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম আর্থিক খাতে আইন লঙ্ঘনকারীদের শাস্তি না হওয়া বা বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাকে সুশাসনের পথে অন্যতম বাধা বলে মনে করেন।
সাবেক এই উপদেষ্টা বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব রয়েছে। মনোভাবটা এ রকম যে আমার ক্ষমতা আমি প্রয়োগ করব, আপনি নাক গলানোর কে।’
বিশেষ অতিথি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লা বেশির ভাগ বিমা কোম্পানিতে সুশাসনের অভাব থাকার কথা স্বীকার করেন। আরও বক্তব্য দেন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোশতাক আহমেদ সাদেক।