স্বপন কুমার বালা ডিএসইর প্রধান নির্বাহী মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়েছে। আজ রোববার ডিএসইর বোর্ড সভায় এই মনোনয়ন দেওয়া হয়।সভা শেষে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী) শুভ্রকান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আজ বিকেলে অনুষ্ঠিত ডিএসইর বোর্ড সভায় সর্বসম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বপন কুমার বালাকে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর মনোনয়নের বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানো হবে। বিএসইসির অনুমোদনের পর তাঁকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।এর আগে গত ৯ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএসইর সাবেক প্রধান নির্বাহী মোশাররফ এম হোসেন। পরে ১৫ জানুয়ারি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়।