স্বপ্ন ও ফুডপান্ডার গ্রোসারি ডেলিভারি সেবা পান্ডামার্টের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লকডাউনের সময়ে মানুষের পাশে থেকে চাহিদা অনুযায়ী নিত্যপণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে ফুডপান্ডার এ বিশেষ উদ্যোগ

দেশের অন্যতম শীর্ষ অনলাইন ফুড ডেলিভারি স্টার্টআপ ফুডপান্ডা, দেশের অন্যতম সর্ববৃহৎ রিটেইল ব্র্যান্ড স্বপ্ন-এর সহযোগিতায় বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দৈনন্দিনের নিত্যপণ্য এবং ঔষধ সরবরাহের জন্য তাদের অ্যাপ এর মাধ্যমে অনলাইন ডেলিভারি সার্ভিস চালু করেছে। দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানান অফারের সমাহার সমৃদ্ধ 'পান্ডামার্ট' চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও ঔষধ গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেবে।

এই সার্ভিসের আওতায় গ্রাহকেরা মুদি দোকানের বাজার ও গৃহস্থালি সামগ্রী, হিমায়িত খাবার, শুকনো খাবার, তাজা ফলমূল, শাকসবজি এবং সাবান, শ্যাম্পুসহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসই কেনাকাটা করতে পারবেন।

ফুডপান্ডার এই উদ্যোগে সঙ্গী হয়েছে দেশের অন্যতম শীর্ষ রিটেইল ব্র্যান্ড স্বপ্ন। কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বাংলাদেশ সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার স্বার্থে মানুষ যখন বাজার করতে ঘর থেকে বের হতে পারছে না, ঠিক সে সময়ে ফুডপান্ডা 'পান্ডামার্ট' চালু করার উদ্যোগ নিয়েছে, যাতে করে ঘরে বসেই মানুষ প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন।

গত সপ্তাহে চালু হওয়া নতুন সেবাটি প্লে স্টোরে থাকা 'ফুডপান্ডা' অ্যাপ ব্যবহার করে উপভোগ করা যাবে। সেবাটি ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের গুরুত্বপূর্ণ এলাকায় চালু হয়েছে। শিগগিরই পৌঁছে যাবে ফুডপান্ডার সেবা চালু আছে এমন আরও ২৫টি শহরে।

ফুডপান্ডা বাংলাদেশের সিইও আম্বারিন রেজা বলেন, অনলাইন ডেলিভারি সার্ভিসগুলো দেশবাসীর এই মুহুর্তে অন্য যে কোন সময়ের তুলনায় অনেক বেশী প্রয়োজন। মুদি দোকানের বাজার ও গৃহস্থালী সামগ্রী এমন, যা প্রতিদিনই প্রয়োজন হয়। মহামারীর বিস্তার রোধে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন পালনের স্বার্থে মানুষের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না। আমরা দ্রুতগতিতে দেশব্যাপী আমাদের সেবাটি চালু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যাতে করে দেশের মানুষ জানতে পারে যে, দেশের এই কঠিন সময়ে ফুডপ্যান্ডা তাদের পাশেই আছে।

স্বপ্ন-এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর বলেন, এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের গ্রাহক ও ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করা। স্বপ্ন সবসময় গুণগত মানসম্পন্ন পণ্য, গ্রাহক সেবা নিশ্চিত করে সমাজের জন্য সেবা দিয়ে যাচ্ছে। এখন থেকে সকল পণ্য গ্রাহকেরা ফুডপান্ডা ব্যবহার করে ঘরে বসেই পেয়ে যাবেন।