স্বপ্নই থেকে যেতে পারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক খাদ্যভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর খাদ্যনিরাপত্তায় আঞ্চলিক খাদ্যভান্ডার (ফুডব্যাংক) প্রতিষ্ঠার পরিকল্পনাটি ‘স্বপ্ন’ হয়েই থেকে যেতে পারে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ‘বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং খাদ্যনিরাপত্তা: দক্ষিণ এশিয়ার উন্নয়নের উপায়’ শীর্ষক সেমিনারের সমাপনী দিনে এমন আভাসই মিলেছে। গত শুক্রবার সেমিনারটি শেষ হয়েছে।সেমিনারের প্রথম দিন থেকেই বাংলাদেশসহ অন্য দেশগুলোর বিশেষজ্ঞরা ভারতকে আঞ্চলিক খাদ্যগুদামব্যবস্থা ও বীজভান্ডার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিলেন। একই সঙ্গে বিশেষজ্ঞরা এ অভিযোগও করেন যে ভারত দীর্ঘ সময় ধরে খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করে রাখে। তখন আমদানিনির্ভর দেশগুলো সমস্যায় পড়ে।কিন্তু ভারতের এক বিশেষজ্ঞ নিত্যনন্দ শুক্রবার আলোচনায় অংশ নিয়ে জানান, তাঁদের দেশ ক্ষুধাসূচকে (হাঙ্গার ইনডেক্স) বাংলাদেশের কাছাকাছি। আর নেপাল থেকে পিছিয়ে রয়েছে। এ চিত্র তুলে ধরে তিনি বুঝিয়ে দেন যে কেন এত দিন ধরে আঞ্চলিক খাদ্যভান্ডার বাস্তবায়িত হচ্ছে না এবং ভবিষ্যতেও তা করা কঠিন হবে। অক্সফাম নভিবের সহযোগিতায় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কা (আইপিএস) এবং সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সউতি)। গত বৃহস্পতিবার সেমিনারটি শুরু হয়।দ্বিতীয় দিনের শুরুতেই খাদ্যভান্ডারের কার্যক্রমগত ও বিতরণব্যবস্থা-সম্পর্কিত কারিগরি আলোচনা হয় সেমিনারে। বাংলাদেশ থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক সহযোগী নাফিসা খালেদ প্রতিষ্ঠানের (সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের প্রবন্ধ) পক্ষে একটি সমীক্ষা উপস্থাপন করেন। তাঁর আগে নেপালের কৃষ্ণা প্রসাদ পন্থা তাঁদের দেশের সমীক্ষাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিস্থিতি তুলে ধরেন।কৃষ্ণা প্রসাদ পন্থা বলেন, আঞ্চলিক খাদ্যভান্ডারব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি এ অঞ্চলের একটি স্বপ্ন। ২৪ বছর ধরে সার্ক অঞ্চলের জন্য খাদ্য সংরক্ষণের বিষয়টি বাস্তবায়ন করা যায়নি। ২০০৭ সালে সার্ক খাদ্যভান্ডার প্রতিষ্ঠার ঘোষণা আসে। কিন্তু তারও কোনো অগ্রগতি হচ্ছে না। অথচ এর কার্যক্রমগত সমস্যা দূর করে, বিতরণব্যবস্থা নিশ্চিত করে গুদামব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে সব দেশই এ থেকে সুবিধাভোগী হতে পারত। তিনি বলেন, এই অঞ্চলের ৩৩ কোটি মানুষ অপুষ্টির মধ্যে রয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে ৪০ শতাংশ মানুষ এই তালিকায়।নাফিসা খালেদ বলেন, বাংলাদেশের খাদ্যনিরাপত্তাব্যবস্থাটি ভঙ্গুর হয়ে পড়ে কয়েকটি কারণে। জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যমূল্য বৃদ্ধি, খাদ্য উৎপাদনের জমি কমে আসা ইত্যাকার কারণে খাদ্যনিরাপত্তায় এই ভঙ্গুর অবস্থা দেখা দিচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ থেকে নির্ধারিত আলোচক সেলিম রায়হান বলেন, আঞ্চলিক খাদ্যভান্ডার একটি স্বপ্ন। কিন্তু এর সঙ্গে রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি জড়িত। তিনি বলেন, এই খাদ্যভান্ডার প্রতিষ্ঠার জন্য প্রতিটি দেশকে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। সে জন্য দরকার কারিগরি ও গবেষণাগত উদ্যোগ এবং বীজ ও কীটনাশক আদান-প্রদান বাড়ানো।তবে অপর নির্ধারিত আলোচক ভারতের দি এনার্জি ও রিসোর্সেস ইনস্টিটিউটের গবেষক নিত্যনন্দ বলেন, সবাই প্রদীপ দেখে। কিন্তু কেউ প্রদীপের নিচে অন্ধকার দেখে না। ভারত নিজেই দুর্বল অবস্থায় রয়েছে। ভারতে জনপ্রতি খাদ্য গ্রহণের পরিমাণ যেখানে ৪৫০ গ্রাম, সেখানে বাংলাদেশে এর পরিমাণ ৬৬৬ গ্রাম। তিনি বলেন, আঞ্চলিক খাদ্যভান্ডার একটি দীর্ঘ মেয়াদের স্বপ্ন। তিনিও সব দেশের উৎপাদন বৃদ্ধির পরামর্শ দেন।নিত্যনন্দ বাংলাদেশকে বোরো ফসলের ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দিয়ে বলেন, এই ফসল উৎপাদনে পানি, বীজ, সার ও কীটনাশকের ব্যবহার খুবই বেশি। পানির বিষয়টি জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন হয়ে যাচ্ছে। আর ফারাক্কার সমস্যা তো আছে। এ পরিস্থিতিতে তিনি অন্য ফসলের দিকে বাংলাদেশকে অগ্রসর হতে পরামর্শ দেন।