স্বপ্রণোদিত করদাতাদের হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা
স্বেচ্ছায় কর দিতে আসা লোকজনকে কোনো প্রকার হয়রানি করা হলে আয়কর বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার আবু মুসা এ কথা বলেন। সমিতির সভাপতি রুহুল কুদ্দুস সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কর কমিশনার মো. শাহরিয়ার, আইনজীবী মাহমুদুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, সফিকুল ইসলাম, আবুল কাসেম, মুনসুর আলম প্রমুখ। আবু মুসা বলেন, সরকারের কাছে আয়কর আদায়ের বিকল্প নেই। দেশের সার্বিক উন্নয়ন গতিশীল করতে হলে সচ্ছল প্রতিটি মানুষকে সঠিকভাবে কর প্রদান করতে হবে।অতিরিক্ত কমিশনার আগামী এক বছরের মধ্যে কিশোরগঞ্জের তিনটি কর সার্কেলের আওতায় সচ্ছল অথচ কর দেন না এমন এক হাজার ব্যক্তির নথি চালু করার নির্দেশ দেন কর্মকর্তা-কর্মচারীদের। এ ব্যাপারে তিনি কর আইনজীবীদের কাছ থেকেও সহযোগিতা চান।