স্বয়ংক্রিয় পদ্ধতিতে জিএসপি সনদ দিচ্ছে ইপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) স্বয়ংক্রিয় পদ্ধতিতে জিএসপি সনদ দিতে শুরু করেছে। এর ফলে ব্যবসায়ীদের হয়রানি কমবে, বাঁচবে সময়। এ ছাড়া কারসাজি করে ভুয়া জিএসপি সনদ নেওয়ার প্রবণতাও বন্ধ হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জিএসপির উৎসবিধি মানতে এটি করা হয়েছে। আর জিএসপি হলো পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বয়ংক্রিয় পদ্ধতিতে জিএসপি সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। ইইউর সহায়তায় বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রামের (টিপিএসপি) আওতায় ইপিবি ২০১২ সাল থেকে বিষয়টি নিয়ে কাজ করছে। আর গত বছরের সেপ্টেম্বর থেকেই অনানুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয়ভাবে এই সনদ দিয়ে আসছে সংস্থাটি।
প্রাথমিকভাবে পোশাক খাতের উদ্যোক্তারা ইপিবির ঢাকা কার্যালয় থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই সনদ নিতে পারবেন। শিগগিরই ইপিবির চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ কার্যালয় থেকে সুবিধাটি পাওয়া যাবে। এ ছাড়া অন্য খাতের ব্যবসায়ীরাও ভবিষ্যতে একইভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জিএসপি সনদ পাবেন।
ইপিবির কর্মকর্তারা জানান, সারা দেশে বর্তমানে ৫ হাজার ৮৫০ জন নিবন্ধিত রপ্তানিকারক আছেন। আর প্রতি মাসে গড়ে ইপিবি থেকে ৩৫ হাজার জিএসপি সনদ দেওয়া হয়। বর্তমানে জিএসপি সনদের জন্য ১৩টি কাগজপত্র দিতে হয়। তবে নতুন পদ্ধতিতে লাগবে মাত্র চারটি কাগজ। আর সনদ পেতে এখন সপ্তাহের সাত দিনই যেকোনো সময় অনলাইনে আবেদন করা যাবে। আর ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা অনলাইনেই এসব কাগজপত্র যাচাই-বাছাই করতে পারবেন।
গত সেপ্টেম্বর থেকে ২ লাখ ৭৫ হাজার জিএসপি সনদ ইস্যু করা হয়। এর মাধ্যমে ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে। এ সময়ে ভুয়া সনদ কেউ নিতে পারেনি। যদিও আগের পদ্ধতিতে আট হাজার ভুয়া জিএসপি সনদ ইস্যু করা হয়েছে, এমন অভিযোগ করেছে ইইউ। অবশ্য সেগুলো দেশের বাইরে থেকে হয়েছে বলে দাবি করলেন ইপিবির কয়েকজন কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, জিএসপি অটোমেশন চালুর ফলে সার্টিফিকেট ইস্যু সহজ হবে। অল্প সময়ের মধ্যে ব্যবসায়ীরা সেবা পাবেন। এর ফলে অনেক জটিলতা দূর হবে।
ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, নতুন পদ্ধতিতে জিএসপি সনদ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অন্য দেশগুলো তখন জিএসপি সুবিধা দিতে এগিয়ে আসবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইইউর প্রতিনিধি মারিও রনকোনি প্রমুখ।