স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেবার আওতা বাড়াচ্ছে এনবিআর
একজন ব্যক্তি যদি কর শনাক্তকরণ সংখ্যা (টিআইএন) নিতে চান, তাহলে আর কর অফিসে যেতে হবে না। ঘরে বসেই তিনি অনলাইনে টিআইএন নিতে পারবেন। আবার যদি বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে চান, তাহলেও কর অফিসে যেতে হবে না আগামী ২০১৪-২০১৫ অর্থবছর থেকে।এছাড়া আগামী ডিসেম্বর মাসের মধ্যেই অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।এভাবেই বদলে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকাণ্ড। এনবিআর তার কার্যপরিধির প্রথাগত ধারণা অনেকটাই পাল্টে ফেলতে চাইছে। তাই এনবিআর আদায়কারীর চেয়ে স্বেচ্ছায় করদানে উৎসাহিত করার উদ্যোগে জোর দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে করদাতাদের হয়রানির অভিযোগ রয়েছে এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে। তাই করদাতা ও কর আদায়কারীর মধ্যে যাতে সরাসরি যোগাযোগ কম হয়, সে জন্য বিভিন্ন ধরনের ইলেট্রনিক সার্ভিস বা ই-সার্ভিস চালু করেছে এনবিআর। আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক—সব বিভাগেই চলছে অনলাইনে সেবা বাড়ানোর উদ্যোগ।এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘করবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআরের সেবাগুলো মানুষের দোড়গোড়ায় নিয়ে যেতে চাই। এতে রাজস্ব আদায়ের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। কর দিতে আর কর অফিসে আসতে হবে না। এনবিআরই এমন ব্যবস্থা চালু করছে, করদাতারা ঘরে বসেই কর দিতে পারবেন।’ এনবিআরের চেয়ারম্যানের মতে, এ দেশে ৬০ লাখ লোকের টিআইএন থাকা উচিত। অথচ সক্রিয় ও সচল টিআইএন রয়েছে মাত্র ১৭ লাখ লোকের। কোনো রকম হয়রানি ছাড়াই যাতে করদাতারা টিআইএন নিতে ও আয়কর বিবরণী জমা দিতে পারেন, এখন সেই ব্যবস্থা করছে এনবিআর।গোলাম হোসেন বলেন, স্বচ্ছতা ও সঠিকত্ব নির্ধারণে সঠিক তথ্য-উপাত্ত নিয়ে কাজ করতে হবে। তাই একই তথ্য যাতে আয়কর, শুল্ক ও মূসক বিভাগ ব্যবহার করতে পারে, সে জন্য সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। আয়কর: এনবিআরের সেবা পাওয়ার ক্ষেত্রে চলতি জুলাই মাস থেকে আয়কর খাতে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে। এখন থেকে টিআইএন নিতে হলে আর কর অফিসে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে টিআইএন নিতে হবে। সনাতনী পদ্ধতিতে টিআইএন দেওয়া বন্ধ করে দিয়েছে এনবিআর। আর পুরোনো টিআইএনধারীদেরও অনলাইনে পুনর্নিবন্ধন নিতে হবে।অনলাইনে টিআইএন নিতে হলে ইচ্ছুকদের www.incometax. gov.bd এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে টিআইএন নিতে হবে। টিআইএন নিতে ইচ্ছুকদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। ১ জুলাই থেকে চালু হওয়া এই সুবিধার প্রথম তিন দিনেই ১০ হাজার করদাতার টিআইএন দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।অনলাইনে টিআইএন নেওয়ার সেবা চালু করে মূলত ভুয়া ও অকার্যকর টিআইএন নেওয়াকে নিরুৎসাহিত করা হচ্ছে। আর টিআইএন নিতে গিয়ে করদাতাদের হয়রানিও কমবে বলে মনে করছে এনবিআর।এই পর্যন্ত ৩৩ লাখ টিআইএন দিয়েছে এনবিআর। প্রতিবছর মাত্র ১২ থেকে ১৩ লাখ টিআইএনধারী বার্ষিক আয়কর বিবরণী জমা দেন। দুই বছর ধরে এনবিআর ভুয়া টিআইএন বাদ দেওয়ার জন্য কাজ করেছে। এনবিআর সূত্রে জানা গেছে, মাত্র ১৭ লাখ সচল ও কার্যকর টিআইএন রেখে বাকিগুলো বাদ দিয়েছে এনবিআর। আগামী ডিসেম্বর মাসের মধ্যে অনলাইনে বার্ষিক আয়কর বিবরণীও দাখিল করা যাবে। এই ব্যবস্থা চালু হলে ঘরে বসেই একজন করদাতা টিআইএন নেওয়া থেকে শুরু করে কর প্রদান পর্যন্ত প্রক্রিয়া শেষ করতে পারবেন।এদিকে করদাতাদের জন্য চলতি অর্থবছর থেকে মাত্র এক পৃষ্ঠার আয়কর বিবরণী জমা দেওয়ার ফরম চালু করেছে। এ বছর বার্ষিক কর বিবরণী জমা দেওয়ার সময় করদাতারা সেই ফরম ব্যবহার করতে পারবেন।রাজধানী ও বড় শহরগুলোর করদাতাদের বাইরে উপজেলা পর্যায়ে বিপুলসংখ্যক করযোগ্য ব্যক্তি রয়েছেন। কষ্ট করে জেলা শহরে গিয়ে কর দেবেন—এমন বিবেচনায় অনেক করদাতা টিআইএন নেন না, করও দেন না। মফস্বলের মানুষকে করজালে আনতে এবার এনবিআর তার কার্যক্রম সম্প্রসারিত করেছে। উপজেলা পর্যায়ে কর অফিস স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে ৮৫টি উপজেলায় কর অফিস স্থাপন করা হয়েছে। আর জেলা ও উপজেলা পর্যায়ে করদাতাদের ন্যূনতম করের পরিমাণও কমানো হয়েছে।এ ছাড়া রাজধানী ঢাকা ও চট্টগ্রামে কর তথ্যসেবাকেন্দ্র চালু করেছে। পর্যায়ক্রমে তা অন্য বিভাগীয় শহরে চালু করা হবে। এই সেবাকেন্দ্রে গিয়ে করসংক্রান্ত যেকোনো তথ্য জানতে পারবেন। শুল্ক: সম্প্রতি চট্টগ্রাম কাস্টমস হাউসে এসাইকুডা ব্যবস্থায় ‘ম্যানুফেস্ট মডিউল’ চালু করা হয়েছে। এতে আগে থেকেই অনলাইনে জানা যাবে কোন জাহাজে কোন কনটেইনারে কী ধরনের পণ্য আসছে। এত দিন তা ‘ম্যানুয়ালি’ জমা দিতে হতো। এতে সময় বেশি লাগত। ২০১২ সালের মধ্যেই দেশের ছয়টি কাস্টমস হাউস ও ১০টি শুল্কস্টেশনে এই ব্যবস্থা চালু করা হবে।জানা গেছে, শিগগিরই এসাইকুডা ওয়ার্ল্ড ব্যবস্থায় যাবে শুল্ক বিভাগ। এতে শুল্কায়ন পদ্ধতি আরও স্বয়ংক্রিয় হবে।মূসক: বেশ কয়েক বছর আগেই বেচাকেনায় ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) বা পয়েন্ট অব সেল (পিওএস) বাধ্যতামূলক চালু করা হয়েছে। ধীরে ধীরে বড় সুপারশপগুলোতে ইসিআর বা পিওএস চালু করছে।বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) নিবন্ধিত প্রতিষ্ঠানের মূসক বিবরণী জমার ব্যবস্থা অনলাইনে করা হলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। জানা গেছে, ২০১৫ সালের ১ জুলাই থেকে নতুন মূসক আইন কার্যকর হবে। সেই আইনে অনলাইনে ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূসক জমার ব্যবস্থা করা হবে।এদিকে আয়কর, মূসক ও শুল্ক—এই তিনটি বিভাগকে সমন্বিত স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় আনা হচ্ছে। প্রতিটি পরস্পরের তথ্য ব্যবহার করতে পারবে। কোন আমদানিকারক কী পরিমাণ, কত টাকার পণ্য এনেছেন সেই তথ্য শুধু শুল্ক বিভাগ নয়, মূসক নির্ধারণের জন্য মূসক বিভাগ ব্যবহার করতে পারবে। আবার আমদানিকারক সঠিকভাবে আয়কর দিয়েছেন কি না, তাও জানতে পারবে আয়কর বিভাগ।