স্বর্ণালংকারও রপ্তানি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারের গণ্ডি পেরিয়ে বিদেশে স্বর্ণালংকার রপ্তানি করতে আগ্রহী অলংকার প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, স্বর্ণালংকার ব্যবসা এখনো দেশের ভেতরেই ঘুরপাক খাচ্ছে। নানা বাধায় এসব স্বর্ণালংকার বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। অথচ বিদেশে রপ্তানি করার মতো সক্ষমতা আছে।শুধু স্বর্ণালংকার নয়, রৌপ্যসহ অন্যান্য অলংকারেরও বাইরে বাজার সৃষ্টির সুযোগ আছে বলেও দাবি করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। তাঁরা আরও বলছেন, যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দেশের এই অলংকার খাত কাঙ্ক্ষিত মাত্রায় বিকশিত হতে পারছে না। তিন বছর ধরে চেষ্টা চালিয়ে এখনো একটি স্বর্ণ নীতিমালা প্রণয়ন করা সম্ভব হয়নি। আর বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) বলছে, এখন দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা গড়ে প্রায় এক লাখ ভরি।বাজুসের তথ্য অনুযায়ী, দেশে আনুমানিক ১০ হাজার স্বর্ণালংকারের ছোট-বড় দোকান রয়েছে। এসব দোকানের বার্ষিক লেনদেনের পরিমাণ অন্তত তিন হাজার কোটি টাকা। আর স্বর্ণালংকার খাতে দেশে বিনিয়োগের পরিমাণ পাঁচ হাজার থেকে ১০ হাজার কোটি টাকা। দুই লাখ মানুষ সরাসরি এবং ১০ লাখ পরোক্ষভাবে এ খাতের সঙ্গে যুক্ত।প্রতিবেশী দেশ ভারত স্বর্ণালংকার রপ্তানিতে ভালো অবস্থান তৈরি করেছে উল্লেখ করে বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশের কারিগররাও দক্ষ। ভারতের কারিগররা যে অলংকার পাঁচ ভরি স্বর্ণ দিয়ে তৈরি করছে, আমাদের কারিগররা সেটা তৈরি করতে পারে তিন ভরি স্বর্ণ দিয়ে। ফলে একই ডিজাইন ও মানের স্বর্ণ তৈরি করে আমরা সেটা রপ্তানি করতে পারি। কম স্বর্ণে তৈরি হবে বলে আমাদের অলংকারের দামও কম হবে। সে কারণে বিশ্ববাজারেও আমাদের স্বর্ণালংকার প্রতিযোগিতা করতে পারবে।’স্বর্ণালংকার শিল্পের কাঁচামাল সোনা ও রুপা মূলত পুরোনো (তেজাবি) সোনা, প্রবাসী বাংলাদেশিদের আনা স্বর্ণালংকার এবং সোনা ও রুপার পিণ্ড থেকে সংগ্রহ করেন ব্যবসায়ীরা।ব্যাগেজ বিধির আওতায় বৈধ ব্যবসায়ীরা যেন দুই কেজি করে সোনা দেশে আনতে পারেন, সেই দাবি করছে বাজুস। এ জন্য প্রয়োজনীয় শুল্ক দিতেও রাজি তারা।স্বর্ণ পরিবহনে ব্যবসায়ীদের বড় ধরনের সমস্যায় পড়তে হয় বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অনেক সময় আনুষঙ্গিক কাগজপত্র থাকার পরও পুলিশ হয়রানি করে থাকে। আর নিরাপত্তাজনিত সমস্যা তো রয়েছেই।বাজুসের হিসাবে, ২০১১ সাল থেকে এ পর্যন্ত সারা দেশের স্বর্ণালংকার শো-রুমে ৫০টি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই স্বর্ণালংকারের বিপণিবিতানগুলোতে পুলিশি টহল বাড়ানোর দাবি করেছে সংগঠনটি।ব্যবসায়ীদের আরও অভিযোগ, দেশের ব্যাংকগুলো স্বর্ণালংকার খাতকে ঋণ দেওয়ার ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মনে করে। সে জন্য সহজে ঋণ দিতে চায় না। অথচ দ্রুত ঋণ পরিশোধ করার সামর্থ্য এ খাতেরই সবচেয়ে বেশি রয়েছে।