স্বর্ণের ক্যারেটে হেরফের, পদক বিতরণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধান্ত ছিল পদকে থাকবে ২২ ক্যারেট মানের ১২ গ্রাম স্বর্ণ। তবে দেওয়া হয়েছে ২১ ক্যারেট মানের ১৩ গ্রাম স্বর্ণ। বিতরণের আগ মুহূর্তে ত্রুটি ধরা পড়ায় শেষ পর্যন্ত পদক বিতরণ অনুষ্ঠানটি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়ার কথা ছিল গতকাল বুধবার।
জানা যায়, বাংলাদেশ ব্যাংক প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ কয়েক বছর ধরে ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে। এ বছর দুই ক্যাটাগরিতে ২৩ জন কর্মকর্তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন ৬ জন। তাঁদের ১২ গ্রাম ওজনের ২২ ক্যারেট মানের স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত হয়, যা গত বছরের ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। কিন্তু ২২ ক্যারেটের পরিবর্তে ২১ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে পদক তৈরি করা হয়। ফলে শেষ সময়ে বাতিল করা হয় অনুষ্ঠানটি।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিদের ২২ ক্যারেট মানের ১২ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে ক্রেস্ট তৈরি করার কথা। তবে ২১ ক্যারেট মানের প্রায় ১৩ গ্রাম স্বর্ণ দিয়ে প্রতিটি ক্রেস্ট তৈরি করা হয়েছে। প্রতিটি ক্রেস্টের গায়ে লাগানো লেবেলে যা উল্লেখও আছে। এর ফলে দামে কোনো হেরফের না হলেও কম মানের স্বর্ণ দেওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এতে কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠিত হয়েছে।