স্বর্ণের চাহিদায় এবার ভারতকে টপকে শীর্ষে উঠে আসছে চীন
স্বর্ণের চাহিদায় এবার ভারতকে টপকে বিশ্বের শীর্ষস্থানে উঠে আসছে এশিয়ার আরেক উদীয়মান অর্থনীতি চীন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এই পূর্বাভাস দিয়েছে।জুয়েলারি বা স্বর্ণালংকারের চাহিদার পাশাপাশি এবং স্বর্ণে বিনিয়োগ বাড়ার সুবাদে চীনে স্বর্ণের চাহিদা ২০ শতাংশ হারে বেড়ে ২০১১ সালে ৭৬৯ দশমিক ৮ টনে উন্নীত হয়েছে। অন্যদিকে একই বছর আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা ও স্থানীয় মুদ্রা রুপির বিনিময় হার দুর্বল হয়ে পড়ার কারণে ভারতে স্বর্ণের চাহিদা ৭ শতাংশ কমে ৯৩৩ দশমিক ৪ টনে নেমে আসে। তবে তা চীনের চেয়ে বেশি ছিল।ডব্লিউজিসি বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, ‘চীনে চাহিদা বাড়ার ফলে সার্বিকভাবে এশিয়ায় স্বর্ণের চাহিদা বাড়ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ডব্লিউজিসির বিনিয়োগ শাখার ব্যবস্থাপনা পরিচালক মার্কাস গ্রাব বলেন, ‘স্বর্ণের চাহিদায় ২০১২ সালে চীন প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থানে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।’এদিকে দ্য গ্লোবাল টাইমস বলেছে, গত বছর চীনের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে ডব্লিউজিসি এই প্রাক্কলন করেছে। কারণ ২০১০ সালে চীনে স্বর্ণের মোট চাহিদা ছিল ৪২৮ টন।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) গত বছর চতুর্থ প্রান্তিকে স্বর্ণের চাহিদায় চীন শীর্ষস্থানে ওঠে আসে। ওই প্রান্তিকে চীনে স্বর্ণের চাহিদা বেড়ে দাঁড়ায় ১৯০ দশমিক ৯ টন। একই সময় ভারতে স্বর্ণের চাহিদা ছিল ১৭৩ টন। ডব্লিউজিসির প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনীতিতে প্রবৃদ্ধি কমার প্রবণতা দেখা গেলেও চলতি বছরের শেষ পর্যন্ত চীনে স্বর্ণের চাহিদা বাড়তে থাকবে। সূত্র: ইন্টারনেট।